‎ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, জানালা ভেঙে পালালেন সভাপতির অনুসারীরা

‎পাবিপ্রবি প্রতিনিধি:

প্রকাশ: ১০:৪৬, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪৮, ২৪ নভেম্বর ২০২৬

‎ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, জানালা ভেঙে পালালেন সভাপতির অনুসারীরা

‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জুলাই-৬ হলের একটি কক্ষের সিট দখলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

‎সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে হলের ৭১৭ নম্বর কক্ষে এ ঘটনার সূত্রপাত হয়। সিট নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা উত্তেজনা ও হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সভাপতি গ্রুপের কয়েকজন নেতাকর্মী হলের গেস্ট রুমে আশ্রয় নেন।
‎
‎এ সময় সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা বাইরে থেকে গেস্ট রুমের দরজা ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে গেস্ট রুমে অবস্থানরত কয়েকজন জানালা ভেঙে পেছনের দিক দিয়ে বেরিয়ে যান বলে জানা গেছে।
‎
‎এদিকে, গেস্ট রুমে আশ্রয় নেওয়া নেতাকর্মীদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে বলে অভিযোগ করেছে সাধারণ সম্পাদক গ্রুপ। তাদের দাবি, হল প্রশাসনকে সঙ্গে নিয়ে অস্ত্রসহ তাঁদের আটক করার চেষ্টা করা হলে তাঁরা জানালা ভেঙে পালিয়ে যান। তবে এ অভিযোগের বিষয়ে সভাপতি গ্রুপের বক্তব্য পাওয়া যায়নি।
‎
‎সংঘর্ষে আহত হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনকে পরে হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের বাইরে অস্ত্রসহ বহিরাগতদের অবস্থানের অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে কয়েকজন ক্যাম্পাসে প্রবেশ করেছেন বলেও দাবি করেছে সংশ্লিষ্ট একটি পক্ষ।
‎
‎এ ঘটনায় হল ও ক্যাম্পাস এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
‎
‎এ বিষয়ে জুলাই-৬ হলের প্রভোস্ট বলেন, ‘সহকারী প্রক্টরদের সঙ্গে বসা হয়েছে। বোর্ড মিটিং চলছে। আলোচনা শেষে এ বিষয়ে জানানো হবে।’
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন