‎বর্ণাঢ্য আয়োজনে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

ডেস্ক নিউজ অগ্রযাত্রা প্রতিদিন

প্রকাশ: ১০:৫৭, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:০০, ২৪ নভেম্বর ২০২৬

‎বর্ণাঢ্য আয়োজনে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

‎বর্ণাঢ্য আয়োজন, বিশিষ্টজনদের উপস্থিতি, গুণীজন সংবর্ধনা আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।

রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, রাজনীতিবিদ, সংস্কৃতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আ. সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান এবং মির্জা আরাফাত আব্বাস আজান ও চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ডিএফপির মহাপরিচালক খালেদা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের নিউজ ডিরেক্টর (ফাইন্যান্স) মিলন মাহমুদ রবি, প্রধান সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রিংকু, সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান এবং বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী।

এ ছাড়া পত্রিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কলাকুশলী, আমন্ত্রিত অতিথি এবং দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধিরা অংশ নেন এ আয়োজনে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম আকর্ষণ ছিল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান। পত্রিকার কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেরা পারফর্মার এবং বস্তুনিষ্ঠ ও সাহসী অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে নির্বাচিত সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা স্মারক।

অনুষ্ঠানে বক্তারা সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব এবং গণমানুষের কথা তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাংবাদিকতায় পেশাদারত্ব, সততা, সাহসিকতা ও সম্মিলিত প্রচেষ্টার বিষয়টিও উঠে আসে তাঁদের বক্তব্যে।

প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দকে আরও বাড়িয়ে তোলে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে অংশ নেন বিশিষ্ট নাট্যকার সীমান্ত সজল, সংগীতশিল্পী সুজানা হোসেন রুপা, আফরিন সুলতানা ও পলাশ লোহসহ দেশের বিভিন্ন অঙ্গনের শিল্পীরা।

তাঁদের পরিবেশনায় পুরো মিলনায়তন হয়ে ওঠে উৎসবমুখর। গান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অতিথি, সাংবাদিক ও প্রতিনিধিরা উপভোগ করেন আনন্দঘন এক সন্ধ্যা।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন শুধু উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং দেশের বিভিন্ন প্রান্তের সংবাদকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সম্প্রীতি ও সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় করার উপলক্ষ হয়ে ওঠে।

প্রতিষ্ঠার প্রথম বছর পূর্ণ করে নতুন প্রত্যাশা, দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার এবং দেশ ও মানুষের কথা তুলে ধরার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পরিবারের।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন