শান্ত মিয়া, জাজিরা (শরীয়তপুর)
প্রকাশ: ২১:২৩, ২৫ নভেম্বর ২০২৬
এর আগে, গত ১৭ জুলাই মূলনা ইউনিয়নের মোকসেদ আকন নামের এক ব্যক্তির কাছে মাত্র ১ হাজার ১৭০ টাকার সরকারি ফি’র বিপরীতে লাখ টাকা দাবি ও ৪০ হাজার টাকায় চুক্তির অভিযোগ প্রকাশ্যে আসে। এছাড়া আগের কর্মস্থলেও তার বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায় এবং সংবাদ প্রকাশের পর ভুক্তভোগীকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছিল।
অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ হোসেন বলেন, মূলনা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা দেলমাহমুদ রওশন, যিনি কলি নামেও পরিচিত—ইতিমধ্যে আমরা গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখেছি যে উনি একজন সেবাগ্রহীতার নিকট থেকে ৪০ হাজার টাকা ঘুষের বিষয়ে লেনদেন করছিলেন। ওটার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের নজরে আসায় আমাদের আজকের এই অভিযান। গণমাধ্যমে সংবাদ প্রচারিত হওয়ার পরে গত ১৯/১১/২০২৬-এ ইতিমধ্যেই ওনাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে পার্শ্ববর্তী আরেকটা ইউনিয়নে বলে আমরা জানতে পেরেছি।"
তিনি আরও জানান, "উনার সময়কালীন যত নামজারি সংক্রান্ত কাগজপত্র এখানে ছিল, এগুলো অনলাইনে থাকার কারণে সেগুলো অফিস থেকে আমরা সরবরাহ পাইনি। আমরা এই কাগজগুলো সংগ্রহ করব এবং ভুক্তভোগীদের সাথে আরও কথা বলে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করব। তবে প্রাথমিকভাবে অনেকের সাথে ও ভুক্তভোগীদের সাথে কথা বলে উনি যে গ্রাহক হয়রানি বা একটি নির্দিষ্ট পরিমাণে ঘুষ-দুর্নীতির সাথে যুক্ত ছিলেন, সেটার একটা প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। কাগজপত্র পর্যালোচনা করে প্রতিবেদন দেওয়ার পর কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নিবে—পরবর্তীতে অনুসন্ধান হতে পারে কি না, তা কমিশনের সিদ্ধান্ত।"
এদিকে, চলমান এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কেবল বদলিতেই সীমাবদ্ধ না থেকে দুদকের তদন্ত ও বিভাগীয়-আইনগত ব্যবস্থার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কেউ সেবার নামে এমন অনিয়ম করার সাহস না পান।
শীর্ষ সংবাদ: