বীর মুক্তিযোদ্ধা ওশিক্ষাবিদ এম.এম.নাজমুল হককে স্মরণ করল নড়াইলবাসী

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৯:১৪, ২৫ নভেম্বর ২০২৬

বীর মুক্তিযোদ্ধা ওশিক্ষাবিদ এম.এম.নাজমুল হককে স্মরণ করল নড়াইলবাসী

বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিক্ষাবিদ ও চারণকবি এম. এম. নাজমুল হকের (কবি বুনো নাজমুল যশোরী) ৩৩তম প্রয়াণ দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা ও তাঁর রচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে 'বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক স্মৃতি জনকল্যাণ গ্রন্থাগার এবং উদযাপন পর্ষদ, চাকই, নড়াইল'-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নড়াইল জেলা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট সৈয়দ আবেস আলী লুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক প্রফেসর ড. সবুজ শামীম আহসান এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ আছাদুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রয়াত কবির সন্তান, বিটিভি ও খুলনা বেতারের কবি ও গীতিকার নাঈম নাজমুল।

আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলা কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস. এ. মতিন, নড়াইল জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোঃ মনিরুজ্জামান, সাপ্তাহিক সোনালী দিন-এর সম্পাদক ও নজরুল গবেষক এইচ. এম. সিরাজ এবং নড়াইল সাহিত্য ও লোক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন এস. এম. আব্দুল হক, মোঃ আজিজুর রহমান (আজিজ), মোঃ আব্দুল বাকি বিল্লাহ বারী, মোঃ রোস্তম আলী এবং বিকাশ কুসুম চক্রবর্তী।

আলোচনা সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা এম. এম. নাজমুল হক ছিলেন একাধারে একজন নির্ভীক রণাঙ্গনের যোদ্ধা, আদর্শ শিক্ষক এবং নিভৃতচারী কবি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি ভারতের দেরাদুনের টান্ডুয়া ক্যাম্প থেকে বিএলএফ (মুজিব বাহিনী)-এর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করে নড়াইল, কালিয়া, অভয়নগর ও ফুলতলা অঞ্চলে সম্মুখযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতার পর তিনি শিক্ষকতা ও সাহিত্যচর্চার মাধ্যমে সমাজ ও সংস্কৃতির বিকাশে কাজ করে গেছেন। তাঁর রচিত 'মুক্তিবীণা' ও 'হৃদয়লীনা' কাব্যগ্রন্থসহ অসংখ্য গান ও কবিতা বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। নতুন প্রজন্মের কাছে এই গুণী মানুষের আদর্শ ও সাহিত্যকর্ম তুলে ধরার আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য, ১৯৪৭ সালের ১লা মে নড়াইলের চাকই গ্রামে জন্মগ্রহণকারী এই বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ ১৯৯৪ সালের ২৫শে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন