প্রকৌশল থেকে ক্রীড়া সাংবাদিকতায়, উৎপল শুভ্রর ব্যতিক্রমী পথচলা

কুয়েট প্রতিনিধি

প্রকাশ: ২১:৪৪, ২৫ নভেম্বর ২০২৬

প্রকৌশল থেকে ক্রীড়া সাংবাদিকতায়, উৎপল শুভ্রর ব্যতিক্রমী পথচলা

বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতার পরিচিত ও সম্মানিত নাম উৎপল শুভ্র খুলনা প্রকৌশল কলেজের (বর্তমান কুয়েট) ১৯৮৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি পুরকৌশল বিভাগে পড়াশোনা করেন। প্রকৌশল শিক্ষার প্রচলিত পেশাগত ধারা থেকে বেরিয়ে সম্পূর্ণ ভিন্ন পথে নিজের পরিচিতি গড়ে তোলেন তিনি।

তাঁর লেখালেখির শুরু ১৯৮৬ সালে। সে সময় সাপ্তাহিক ‘রোববার’ পত্রিকায় ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কারকে নিয়ে প্রকাশিত একটি সমালোচনামূলক চিঠির প্রতিবাদে তিনি একটি চিঠি লেখেন। পরবর্তী সংখ্যায় সেটি প্রকাশিত হলে লেখালেখির প্রতি তাঁর আগ্রহ আরও বেড়ে যায়।

পুরকৌশলে পড়াশোনা শেষ করে ঢাকায় যাওয়ার পর বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে লেখালেখি চালিয়ে যান। ১৯৮৯ সালে তাঁর পেশাদার ক্রীড়া সাংবাদিকতা শুরু হয়। পরবর্তীতে কাজ করেন আজকের কাগজ, ভোরের কাগজ ও প্রথম আলোতে। প্রথম আলো প্রকাশের শুরু থেকেই তিনি পত্রিকাটির সঙ্গে যুক্ত ছিলেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ, অলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসর কাভার করেছেন। সাক্ষাৎকার নিয়েছেন শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, শেন ওয়ার্ন ও ইমরান খানের মতো বিশ্বখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বের।

খেলার ফলাফল ও পরিসংখ্যানের বাইরেও খেলোয়াড়দের জীবন, খেলার ইতিহাস এবং মাঠের বাইরের গল্প তুলে ধরার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘শচীন রূপকথা’, ‘এগারো: বাংলাদেশের ১১ ক্রিকেটারের গল্প’, ‘কাছের ক্রিকেট দূরের ক্রিকেট’ ও ‘শুধুই ক্রিকেট’।

২০২১ সালের মার্চে বাংলা ভাষায় ক্রীড়া সাংবাদিকতার আর্কাইভ ও বিশ্লেষণধর্মী লেখা প্রকাশের লক্ষ্যে চালু করেন নিজের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘উৎপলশুভ্র.কম’। ২০২২ সালের ফেব্রুয়ারিতে আবার প্রথম আলোতে যোগ দেন।

প্রকৌশল শিক্ষার পাশাপাশি নিজের লেখালেখি ও খেলাধুলার প্রতি আগ্রহকে পেশায় রূপান্তর করে উৎপল শুভ্র গড়ে তুলেছেন স্বতন্ত্র পরিচিতি। কুয়েটের ১৯৮৪ ব্যাচের এই প্রাক্তন শিক্ষার্থীর পথচলা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা ও পেশাগত বৈচিত্র্যের একটি উল্লেখযোগ্য উদাহরণ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন