পটুয়াখালী সদর প্রতিনিধি
প্রকাশ: ১৯:৩৪, ২৫ নভেম্বর ২০২৬
পটুয়াখালী সদর এলাকায় সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন নারীর ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে আপত্তিকর ভিডিও তৈরির অভিযোগ উঠেছে গোপাল হালদারের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, এসব ভিডিও সংশ্লিষ্ট নারীদের ব্যক্তিগত ইনবক্সে পাঠিয়ে তাঁদের ভয়ভীতি দেখানো এবং ব্লাকমেইল করে অর্থ আত্মসাৎ করা হতো।
ভুক্তভোগীদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, পটুয়াখালী জেলার সদস্য রুশদা ইসলাম রিপাকেও এ ধরনের সাইবার হয়রানির শিকার হতে হয়েছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত গোপাল হালদারকে গতকাল রাতে স্থানীয় লোকজন আটক করেন বলে জানা গেছে। এ সময় তাঁকে মারধরের ঘটনাও ঘটে। পরে আজ সকালে তাঁর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, নারীদের ছবি বিকৃত করে সামাজিকভাবে হেয় করা এবং তাঁদের ভয়ভীতি দেখানোর মতো অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় তাঁদের পরিবার ও সন্তানদের নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী প্রমাণিত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ভুক্তভোগী রুশদা ইসলাম রিপা বলেন, “আমি বর্তমানে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমাকে ঘিরে যে নোংরা কর্মকাণ্ড করা হয়েছে, তার সুষ্ঠু বিচার চাই। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
এ ঘটনায় গোপাল হালদারের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। মানববন্ধন থেকে নারীদের ব্যক্তিগত ছবি ও সম্মান রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সাইবার হয়রানির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শীর্ষ সংবাদ: