মকবুল হত্যা মামলা: পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসান কারাগারে

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

প্রকাশ: ২১:২৫, ২৬ নভেম্বর ২০২৬

মকবুল হত্যা মামলা: পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসান কারাগারে

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২০২২ সালের ৭ ডিসেম্বর পুলিশের অভিযানের সময় গুলিতে নিহত হন দলটির কর্মী মকবুল হোসেন। প্রায় চার বছর পর ওই হত্যা মামলায় গ্রেফতার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাকিবুল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

গ্রেফতারের আগে রাকিবুল হাসান অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে রাঙামাটি এপিবিএনে সংযুক্ত ছিলেন। এর আগে তিনি ডিএমপির লালবাগ জোনে এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতে রাকিবুলের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তাকে সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হলেও এজলাসে তোলা হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির খিলগাঁও জোনাল টিমের উপ-পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন রাকিবুলকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, রাজনৈতিক বিরোধী পক্ষকে দমনে তৎকালীন সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন রাকিবুল হাসান। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তার সংশ্লিষ্টতার বিষয়টি প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

এর পরিপ্রেক্ষিতে ডিবির লালবাগ শাখার উপ-কমিশনারের নেতৃত্বে একটি দল বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে চট্টগ্রাম জেলা কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে। পরে ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় আনা হয়।

তদন্ত কর্মকর্তার আবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে রাকিবুল হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই করা হচ্ছে। তদন্তের প্রয়োজনে পরবর্তী সময়ে তার রিমান্ড চাওয়া হতে পারে। আপাতত মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখার আবেদন করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় ডিবি পুলিশ।

এজাহারে অভিযোগ করা হয়, তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমারের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। এ সময় বিএনপির কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি আশপাশে অবস্থান করা নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান বিএনপি কর্মী মকবুল হোসেন।

এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন