হাসিনার উপ-প্রেস সচিবসহ ৩ জনকে পুলিশে দিলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

প্রকাশ: ১০:৩৯, ২৬ নভেম্বর ২০২৬

হাসিনার উপ-প্রেস সচিবসহ ৩ জনকে পুলিশে দিলো ছাত্রদল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের একদল নেতাকর্মী।

গতকাল বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাদের ধরে মারধরের পর মোহাম্মদপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক অপর দুজন হচ্ছেন- চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেন ও আয়কর আইনজীবী সুফি আলা মামুন। এর মধ্যে শাখাওয়াত মুন ও ইলিয়াস হোসেন সাময়িক বরখাস্ত রয়েছেন। 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাদের আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

ওসি বলেন, সম্ভবত তারা কোনো রেস্তোরাঁয় বসেছিলেন। তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা যাচাই করছে পুলিশ।

মুনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময়কার একটি মামলা রয়েছে বলেও জানান মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। 

এদিকে ইতোমধ্যেই তাদের মারধরের কয়েকটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, শাখাওয়াত মুনকে ঘিরে ধরে কয়েকজন জিজ্ঞাসাবাদ করছেন। এ সময় চারপাশ থেকে ‘একটা একটা লীগ ধর’ বলে স্লোগান দেওয়া হচ্ছিল।

একজন মুনকে জিজ্ঞাসা করেন, ‘এরপর আপনাদের নাশকতার প্ল্যান কী?’ জবাবে মুন বলেন, ‘আমি তো এখন ওএসডি অবস্থায় আছি।’

এ সময় এক ব্যক্তি মুনের গালে চড় মারেন। পরে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। একপর্যায়ে তাকে কান ধরতেও বাধ্য করা হয়।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, চট্টগ্রামের সাবেক ডিসি ইলিয়াসকে পুলিশ ভ্যানে তোলার পরও মারধর করা হচ্ছে। এ সময় উপস্থিত কারও কারও কণ্ঠে ‘আয়, মারিস না’ বলতে শোনা যায়।

ভিডিওতে মোহাম্মদপুর ও ধানমন্ডি থানা ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিত থাকার কথাও বলা হচ্ছিল।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন