টাঙ্গাইলে এসআরবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৫৭, ২৬ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে এসআরবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতীতে ২ হাজার ৫৩০ পিস ইয়াবাসহ মুহাম্মদ আলী (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কালিহাতী উপজেলার এলেঙ্গা-ময়মনসিংহ সড়কের সাতুটিয়া এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুহাম্মদ আলীর বাড়ি কক্সবাজার জেলায়। তিনি যাত্রীবেশে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ইয়াবা বহন করছিলেন বলে জানিয়েছে এসআরবি।

এসআরবি-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতুটিয়া এলাকার বিদ্যুৎ অফিসসংলগ্ন সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় এলেঙ্গা থেকে কালিহাতী থানা বাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করা হয়। পরে সন্দেহভাজন যাত্রীদের মধ্যে মুহাম্মদ আলীকে নিবিড়ভাবে তল্লাশি করলে তার ডান পায়ে রাবারের অ্যাংলেটের সঙ্গে বিশেষ কায়দায় আটকানো আটটি প্যাকেট পাওয়া যায়।

প্যাকেটগুলো থেকে ২ হাজার ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মাদকগুলো জব্দ করা হয়।

এসআরবি জানায়, মুহাম্মদ আলী দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে যাত্রীবেশে সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবাসহ তাকে টাঙ্গাইলের কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন