টেকনাফে অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি 

প্রকাশ: ১৫:৪২, ২৬ নভেম্বর ২০২৬

টেকনাফে অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর অটোরিকশাচালক সৈয়দ মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি মোহাম্মদ হোছাইন নিশানকে (২৩) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পালংখালী বাজারের ‘নিউ জেন্টালম্যান জেন্ট্স পার্লার’ এলাকায় এসআরবি-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

এসআরবি-১৫-এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ৫ ডিসেম্বর টেকনাফ থানায় অটোরিকশাচালক সৈয়দ মিয়া হত্যার ঘটনায় একটি হত্যা মামলা হয়। ওই মামলার এজাহারভুক্ত প্রধান আসামি হিসেবে মোহাম্মদ হোছাইন নিশান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেপ্তার নিশান উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি হান্নান মিয়া ও মায়মুনা বেগমের ছেলে।

অভিযান শেষে গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হত্যা, অপহরণ, ডাকাতিসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন।

আরও পড়ুন