‎নেছারাবাদে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬:২০, ২৬ নভেম্বর ২০২৬

‎নেছারাবাদে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত

'‎রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী করে গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন করাসহ নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়। 
‎
‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।  
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক আহমেদ। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাপস কুমার ঘোষ, কৃষি কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, স্বরূপকাঠী পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মইনুল হাসানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 
‎
‎আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাপস কুমার ঘোষ বলেন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পালন, রোগ প্রতিরোধ ও নিয়মিত টিকাদানের মাধ্যমে খামারিরা উৎপাদন বাড়াতে পারেন এবং এ বিষয়ে দপ্তর প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে। 
‎
‎ইউএনও আশিক আহমেদ বলেন, খামারিদের উৎসাহিত করার পাশাপাশি নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও আধুনিক খামার ব্যবস্থাপনায় সবাইকে সচেতন হতে হবে।
‎
‎​আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা নিয়ে জনসচেতনতা তৈরি এবং নতুন উদ্যোক্তা ও খামারিদের আগ্রহ বাড়ানোই মূল লক্ষ্য।

আরও পড়ুন