চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৬:০৫, ২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের হাসপাতালের ভেতরে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
অভিযানে এসআরবির সদস্যরা সাদাপোশাকে রোগী ও স্বজন সেজে হাসপাতালের বিভিন্ন স্থানে অবস্থান নেন। চিকিৎসকের প্রেসক্রিপশন পরীক্ষা, বেড ও চিকিৎসকের সিরিয়াল পাইয়ে দেওয়া এবং বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে রোগী ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করা ব্যক্তিদের আটক করা হয়।
এসআরবি-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, অভিযানের আগে কয়েক দিন ধরে সাদাপোশাকে সদস্যরা হাসপাতালের বিভিন্ন অংশে অবস্থান করে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তাদের বিরুদ্ধে ভিডিওসহ বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়। এসব তথ্যপ্রমাণের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, চমেক হাসপাতালে দালাল চক্রের সদস্যরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে কাজ করেন। কেউ রোগীদের বেড পাইয়ে দেওয়া, কেউ ওষুধ সংগ্রহ ও চিকিৎসকের সিরিয়াল, আবার কেউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে টাকা আদায়ের চেষ্টা করেন।
রোগী ও স্বজনদের সচেতন থাকার আহ্বান জানিয়ে এসআরবি অধিনায়ক বলেন, সরকারি হাসপাতালে রোগীদের বিনা মূল্যে চিকিৎসা পাওয়ার কথা। তাই ধৈর্য ধরতে হবে, কাউকে টাকা-পয়সা দেওয়া যাবে না এবং কোনো দালাল চক্রের সহযোগিতা নেওয়া থেকে বিরত থাকতে হবে।
অভিযানে একজন সরকারি কর্মচারীকে আটক করে পরে ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জনাকীর্ণ স্থানে অভিযান চালানোর সময় পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে আটক করার ঘটনা ঘটতে পারে। পরে যাচাই-বাছাইয়ে সংশ্লিষ্টতা না পাওয়া গেলে তাকে ছেড়ে দেওয়া হয়।
হাসপাতালে নিজস্ব নিরাপত্তারক্ষী ও আনসার সদস্য থাকার পরও দালাল চক্র সক্রিয় থাকার বিষয়ে তিনি বলেন, হাসপাতালের প্রয়োজনের তুলনায় নিরাপত্তারক্ষীর সংখ্যা অপ্রতুল। নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো গেলে এ ধরনের অনিয়ম কমে আসবে। হাসপাতাল পরিচালকও দালালবিরোধী কার্যক্রমের বিষয়ে আন্তরিক বলে জানান তিনি।
চমেক হাসপাতালে দীর্ঘদিন ধরে দালালদের দৌরাত্ম্যের অভিযোগ রয়েছে। চিকিৎসা নিতে দূরদূরান্ত থেকে আসা রোগী ও স্বজনদের বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে এসব চক্রের বিরুদ্ধে। এর আগে একাধিকবার অভিযান চালানো হলেও কিছুদিন পর আবারও সক্রিয় হয়ে ওঠে দালাল চক্র।
শীর্ষ সংবাদ: