ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:০২, ২৬ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি দূর্জয় সরকারকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন ঢাকা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৪-এর সিপিএসসি, ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে এ অভিযান পরিচালনা করে।

এসআরবি সূত্রে জানা যায়, ময়মনসিংহ কোতোয়ালী থানার মামলা নম্বর ২৪(১১)২৩, জিআর-১১০৬/২৩-এর বিচারিক কার্যক্রম শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর সাজা এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তার দূর্জয় সরকার ময়মনসিংহ কোতোয়ালী থানার সেহড়া ধোপাখোলা এলাকার বিমল সরকারের ছেলে।

গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন