এআইইউবি প্রতিনিধি
প্রকাশ: ২৩:০২, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:০৫, ২৫ নভেম্বর ২০২৬
২০০৬ সালের ১২ ডিসেম্বর যাত্রা শুরু করে আইইইই এআইইউবি স্টুডেন্ট ব্রাঞ্চ। বিশ্ববিদ্যালয়ের অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ওএসএ) তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত সংগঠনটি আইইইইর নিবন্ধিত শিক্ষার্থী শাখা হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। প্রকৌশল, ইলেকট্রনিকস, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের জ্ঞান বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং গবেষণায় আগ্রহী করে তোলাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। এ উদ্দেশ্যে নিয়মিত প্রযুক্তিবিষয়ক আয়োজনের পাশাপাশি পেশাগত উন্নয়ন ও শিল্পক্ষেত্রের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করছে সংগঠনটি।
আন্তর্জাতিক স্বীকৃতি ও অর্জন
দীর্ঘদিনের কার্যক্রমের ধারাবাহিকতায় আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে বিভিন্ন স্বীকৃতি অর্জন করেছে আইইইই এআইইউবি স্টুডেন্ট ব্রাঞ্চ। ২০১৭, ২০১৯, ২০২০ ও ২০২২ সালে আইইইই রিজিয়ন টেনের অধীনে আঞ্চলিক পর্যায়ের ‘এক্সেমপ্লারি স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাওয়ার্ড’ অর্জন করে সংগঠনটি। এর মধ্যে ২০১৭ সালে ‘আইইইই এমজিএ রিজিওনাল এক্সেমপ্লারি স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাওয়ার্ড’ এবং ২০১৯, ২০২০ ও ২০২২ সালে ‘আইইইই রিজিওনাল এক্সেমপ্লারি স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাওয়ার্ড’ অর্জন করে শাখাটি। এসব স্বীকৃতি প্রযুক্তিবিষয়ক আয়োজন, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং পেশাগত যোগাযোগ তৈরিতে সংগঠনটির ধারাবাহিক কার্যক্রমের স্বীকৃতি।
এ ছাড়া ২০২০ সালে আইইইই রিজিয়ন টেনের নিউজলেটারের এপ্রিল সংখ্যায় ‘স্টুডেন্ট ব্রাঞ্চ অব দ্য মান্থ’ হিসেবে স্থান পায় সংগঠনটি। একই বছর ২০১৯ সালে আয়োজিত ‘আইইইই স্টুডেন্ট প্রফেশনাল অ্যাওয়ারনেস ওয়ার্কশপ ২.০’ (SPAW 2.0)-এর জন্য ‘ড্যারেল চং স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যাওয়ার্ড ২০২০’-এর ব্রোঞ্জ ক্যাটাগরিতে স্বীকৃতি অর্জন করে শাখাটি।
এর আগে ২০১৯ সালে আঞ্চলিক পর্যায়ের এক্সেমপ্লারি স্টুডেন্ট ব্রাঞ্চ পুরস্কার অর্জনের পাশাপাশি আইইইই রিজিয়ন টেনের স্টুডেন্ট ব্রাঞ্চ ওয়েবসাইট প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে সংগঠনটি। একই বছর আইইইই বাংলাদেশ সেকশনের ‘বেস্ট স্টুডেন্ট ব্রাঞ্চ’ পুরস্কারে সম্মানজনক স্বীকৃতিও অর্জন করে। এ ছাড়া ২০১৮ সালেও একই বিভাগে সম্মানজনক স্বীকৃতি পায় শাখাটি। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা তিন বছর আইইইই বাংলাদেশ সেকশনের বার্ষিক পুরস্কার আয়োজনে ‘বেস্ট স্টুডেন্ট ব্রাঞ্চ’ পুরস্কার অর্জন করে সংগঠনটি।
গবেষণায় আগ্রহ ও বাস্তব সমস্যার সমাধানে উদ্যোগ
শুধু প্রযুক্তিবিষয়ক আলোচনা নয়, শিক্ষার্থীদের গবেষণার প্রাথমিক ধারণা থেকে শুরু করে কার্যকর গবেষণা পরিকল্পনা তৈরিতেও সহায়তার উদ্যোগ নিয়েছে সংগঠনটি। ২০২৬ সালের ৬ আগস্ট ‘একাডেমিক রিসার্চ: ওয়েজ টু লিভারেজ ওভারঅল ইমপ্যাক্ট’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে আইইইই এআইইউবি স্টুডেন্ট ব্রাঞ্চ। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং এআইইউবির ড. আনোয়ারুল আবেদিন ইনস্টিটিউট অব ইনোভেশনের রিসার্চ প্রফেসর ও ডেপুটি ডিরেক্টর অধ্যাপক ড. নওশাদ আমিন।
সেমিনারে গবেষণার বিষয় নির্বাচন, গবেষণা পরিকল্পনা, তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় এবং বাস্তব সমস্যার সমাধানে কার্যকর গবেষণা পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুৎ প্রযুক্তি নিয়ে তাঁর গবেষণার অভিজ্ঞতাও শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন আলোচক। পাশাপাশি পরিবেশগত সমস্যার সমাধানে গবেষণার গুরুত্ব তুলে ধরেন তিনি। আয়োজনটিতে ৫০ জনের বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
প্রযুক্তি ও শিল্পক্ষেত্রের সঙ্গে পরিচিতি
শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি এবং শিল্পক্ষেত্রের সম্ভাবনার সঙ্গে পরিচিত করতেও সংগঠনটির বিভিন্ন আয়োজন রয়েছে। ২০২৬ সালের ১৪ অক্টোবর ‘আরএফ অ্যান্ড রাডার সিস্টেমস: ফ্রম পাওয়ার অ্যামপ্লিফায়ার্স টু ফেজড অ্যারেস—ইন্ডাস্ট্রি ট্রেন্ডস অ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটিজ’ শীর্ষক একটি অনলাইন আলোচনা সভার আয়োজন করে আইইইই এআইইউবি স্টুডেন্ট ব্রাঞ্চ। আইইইই ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশনস সোসাইটি (আইএএস) এআইইউবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের সহযোগিতায় আয়োজিত এ ওয়েবিনারে রেডিও ফ্রিকোয়েন্সি ও মাইক্রোওয়েভ প্রকৌশল, রাডার প্রযুক্তি এবং সংশ্লিষ্ট শিল্পক্ষেত্রে পেশাগত সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ভিএফএসটিআর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ভেঙ্কটা কিশোর কোঠাপুদি। তিনি রেডিও ফ্রিকোয়েন্সি ও মাইক্রোওয়েভ প্রযুক্তির মৌলিক ধারণা, ব্যবহারিক প্রয়োগ, বিভিন্ন প্রযুক্তিগত ক্ষেত্রে এর গুরুত্ব এবং রাডার প্রযুক্তি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি এ খাতে পেশাগত জীবন গড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
এ ছাড়া ২০২৬ সালের ৭ আগস্ট ‘ভিএলএসআইথন ৩.০’-এর উদ্বোধনী অনুষ্ঠান ও কর্মশালায় সহযোগী হিসেবে যুক্ত ছিল সংগঠনটি। উলকাসেমির উদ্যোগে, উলকাসেমি ভিএলএসআই ট্রেনিং ইনস্টিটিউটের সহযোগিতায় এবং এআইইউবির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সেমিকন্ডাক্টর ও চিপ নকশা শিল্পের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পসংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিরা সেমিকন্ডাক্টর খাতে কর্মজীবনের সম্ভাবনা, চিপ নকশার প্রাথমিক ধারণা এবং প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রতিযোগিতার প্রস্তুতির অংশ হিসেবে একটি কর্মশালার আয়োজন করা হয়। এ আয়োজনে ২০০ জনের বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে ৮ আগস্ট প্রতিযোগিতার দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের জন্য কী সুযোগ তৈরি হচ্ছে
আইইইই এআইইউবি স্টুডেন্ট ব্রাঞ্চের এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক জ্ঞানের পাশাপাশি বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করছে। গবেষণাবিষয়ক সেমিনার থেকে শিক্ষার্থীরা গবেষণার বিষয় নির্বাচন, তথ্য বিশ্লেষণ, গবেষণা পরিকল্পনা এবং সমস্যা সমাধানের পদ্ধতি সম্পর্কে ধারণা পেতে পারেন। অন্যদিকে প্রযুক্তিবিষয়ক কর্মশালা ও আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে নতুন প্রযুক্তি, শিল্পক্ষেত্রের চাহিদা এবং ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়।
একই সঙ্গে দলগত কাজ, অনুষ্ঠান পরিচালনা, নেতৃত্ব, যোগাযোগ এবং পেশাগত সম্পর্ক গড়ে তোলার মতো দক্ষতা চর্চার ক্ষেত্রও তৈরি করছে সংগঠনটির কার্যক্রম। আইইইইর আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকার ফলে শিক্ষার্থীরা বৈশ্বিক প্রযুক্তি ও গবেষণার অগ্রগতি সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। এসব অভিজ্ঞতা উচ্চশিক্ষা, গবেষণা এবং প্রযুক্তি খাতে পেশাগত ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা রাখতে পারে।
এআইইউবির শিক্ষার্থীদের আন্তর্জাতিক গবেষণায় সাফল্য
২০২৬ সালের নভেম্বরে এআইইউবির শিক্ষার্থীদের গবেষণায় আরেকটি উল্লেখযোগ্য অর্জন যুক্ত হয়। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের চার শিক্ষার্থীর একটি দল ১ থেকে ৩ নভেম্বর অনুষ্ঠিত একাদশ আইইইই এশিয়া-প্যাসিফিক কনফারেন্স অন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডেটা ইঞ্জিনিয়ারিং (আইইইই সিএসডিই ২০২৬) সম্মেলনে ‘আউটস্ট্যান্ডিং পেপার অ্যাওয়ার্ড’ অর্জন করে।
‘হাসপাতালভিত্তিক পুনর্বাসনে আঘাত-পরবর্তী স্মৃতিভ্রংশ অবস্থা থেকে উত্তরণের পূর্বাভাস: সুস্থতার অগ্রগতি নাকি হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সময়—কোনটির প্রভাব বেশি?’ শীর্ষক গবেষণাপত্রটির লেখক ছিলেন মোহাম্মদ আলী মাসুদ, মো. মাহবুবুর রহমান সিয়াম, সানজিদা আফরিন বৃষ্টি এবং আবদুল্লাহ আল শাইহিদ মাহেম। গবেষণাটির তত্ত্বাবধায়ক ছিলেন এআইইউবির কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক শারফুদ্দিন মাহমুদ।
গবেষণাটিতে যুক্তরাষ্ট্রের ট্রমাটিক ব্রেইন ইনজুরি মডেল সিস্টেমস (টিবিআইএমএস) ন্যাশনাল ডেটাবেইসের ১৭ হাজার ৮৯৫ জন রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়। মেশিন লার্নিং ও পরিসংখ্যানভিত্তিক বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে আঘাত-পরবর্তী স্মৃতিভ্রংশ অবস্থা থেকে উত্তরণের সময় অনুমানের পাশাপাশি রোগীর পুনর্বাসনে থাকার সময়ের প্রভাবও পর্যালোচনা করেন গবেষক দলের সদস্যরা।
গবেষণায় ব্যবহৃত এক্সজিবুস্টভিত্তিক মডেলের কনকর্ড্যান্স ইনডেক্স ছিল ০.৮৫৭। অন্যদিকে, শুধু পুনর্বাসনে থাকার সময়ের ওপর ভিত্তি করে তৈরি মডেলের ক্ষেত্রে এ মান ছিল ০.৭৯৩। অসম্পূর্ণ তথ্য বিবেচনার পদ্ধতিভেদে সুস্থতায় পৌঁছানোর মধ্যম সময়ের হিসাবেও পার্থক্য দেখা যায়। সম্পূর্ণ তথ্যের ভিত্তিতে এ সময়ের হিসাব ছিল ১৯ দিন, আর অসম্পূর্ণ তথ্য সমন্বয়ের পদ্ধতিতে তা প্রায় ২৩ থেকে ২৬ দিন পাওয়া যায়।
তবে গবেষণাটির ফলাফল চিকিৎসাক্ষেত্রে প্রয়োগের আগে অন্য তথ্যভান্ডারে যাচাই করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন গবেষকেরা। উল্লেখ্য, এই পুরস্কারটি আইইইই এআইইউবি স্টুডেন্ট ব্রাঞ্চের সাংগঠনিক পুরস্কার নয়; এটি এআইইউবির চার শিক্ষার্থীর একটি গবেষক দলের আন্তর্জাতিক সম্মেলনে পাওয়া স্বীকৃতি।
প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সময়ে শিক্ষার্থীদের শুধু পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না রেখে গবেষণা, উদ্ভাবন ও পেশাগত দক্ষতা অর্জনে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা বাড়ছে। এ ক্ষেত্রে আইইইই এআইইউবি স্টুডেন্ট ব্রাঞ্চের ধারাবাহিক আয়োজন, আন্তর্জাতিক স্বীকৃতি এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রম শিক্ষার্থীদের জন্য একটি সহশিক্ষামূলক প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখছে। গবেষণা, উদ্ভাবন ও শিল্পক্ষেত্রের সঙ্গে আরও বিস্তৃত সংযোগ তৈরির মাধ্যমে ভবিষ্যতে সংগঠনটি শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে নিজেদের প্রস্তুত করার সুযোগ আরও বাড়াতে পারে।
শীর্ষ সংবাদ: