পাঁচবিবি সীমান্তে পুকুর থেকে ৪২ লাখ টাকার মূর্তি উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২:৫৪, ২৭ নভেম্বর ২০২৬

পাঁচবিবি সীমান্তে পুকুর থেকে ৪২ লাখ টাকার মূর্তি উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় পুকুরের পানির নিচে লুকিয়ে রাখা দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তি দুটির আনুমানিক মূল্য ৪২ লাখ টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১টা ১০ মিনিটের দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধীন হাটখোলা বিওপির সদস্যরা পূর্ব উচনা এলাকায় অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করেন।
‎
‎বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি পুকুরে কষ্টিপাথরের মূর্তি লুকিয়ে রাখার তথ্য পায় বিজিবি। পরে দুটি টহল দল সেখানে অভিযান চালিয়ে পুকুরে তল্লাশি শুরু করে। একপর্যায়ে পানির নিচ থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়।
‎
‎উদ্ধার হওয়া মূর্তি দুটির একটির ওজন ২৫ কেজি এবং অপরটির ১৭ কেজি। মোট ৪২ কেজি ওজনের মূর্তি দুটির আনুমানিক সিজার মূল্য ৪২ লাখ টাকা।
‎
‎বিজিবির ধারণা, মূর্তি দুটি ভারতে পাচারের উদ্দেশ্যে পুকুরের পানিতে লুকিয়ে রাখা হয়েছিল।
‎
‎স্থানীয় সোর্স ও জনপ্রতিনিধির উপস্থিতিতে মূর্তি দুটি শনাক্ত করা হয়। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের কার্যক্রমও চলমান রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন