সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৪:২৫, ২৮ নভেম্বর ২০২৬
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ভোজ্যতেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, সয়াবিন ও পাম অয়েল বাংলাদেশে উৎপাদিত হয় না। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও দাম সমন্বয় করতে হয়েছে। তবে প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী তেলের দাম আরও বেশি হওয়ার কথা থাকলেও আমদানিকারকদের ওপর চাপ প্রয়োগ করে বর্তমান দাম ধরে রাখা হয়েছে।
তিনি বলেন, ভোজ্যতেলের মূল্য নির্ধারণের সূত্র গোপন কিছু নয়। সাংবাদিকেরা চাইলে মন্ত্রণালয় থেকে এ সূত্র সংগ্রহ করে যাচাই করতে পারেন।
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনের অস্বাভাবিক প্রবণতা দেখা দেওয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার সতর্কতামূলক অবস্থান নিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করছে।
এর আগে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) সিএসআর কর্মসূচির আওতায় সিলেট সদর উপজেলার অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
মন্ত্রী বলেন, উপকারভোগীরা কৃত্রিম অঙ্গ বুঝে পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে অর্থ ছাড় করা হবে। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বনির্ভর করতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বা এসএমই কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণ ও ক্ষুদ্র পুঁজির সহায়তা দেওয়া হবে।
শিল্প মন্ত্রণালয়ের সচিব ও কাফকোর চেয়ারম্যান আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য এম এ মালিক, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
শীর্ষ সংবাদ: