কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৮:০৮, ২৮ নভেম্বর ২০২৬
কক্সবাজার সদর উপজেলা পরিষদের পুকুরপাড়ে পড়ে আছে একটি সাইকেল, একজোড়া জুতা ও একটি গেঞ্জি। কিন্তু এসব জিনিসের মালিক কিশোরটির কোনো সন্ধান মিলছে না। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সদর উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় অজ্ঞাতনামা ওই কিশোর। দীর্ঘ ছয় ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালিয়েও সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে কিশোরটি তার কয়েকজন সহপাঠীর সঙ্গে সদর উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শী এক সহপাঠীর ভাষ্য অনুযায়ী, হাত ছেড়ে দেওয়ার পরই পানিতে তলিয়ে যায় কিশোরটি। তার বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর বলে জানা গেছে।
ঘটনার পর পুকুরপাড়ে কিশোরটির ব্যবহৃত একটি সাইকেল, একজোড়া জুতা ও একটি গেঞ্জি পড়ে থাকতে দেখা যায়। এসব জিনিস ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
পরে ডুবুরি দল পুকুরের পানিতে নেমে বিভিন্ন অংশে তল্লাশি চালায়। দীর্ঘ সময় ধরে পানির নিচে অনুসন্ধান চালিয়েও নিখোঁজ কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় লোকজনও উদ্ধারকাজে সহযোগিতা করেন। পুকুরের বিভিন্ন স্থানে জাল ফেলে তল্লাশি চালানো হয়।
এদিকে নিখোঁজ কিশোরকে উদ্ধারে চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দল আনার ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে ওই দলের সদস্যরা কক্সবাজারে পৌঁছেছেন। তাদের মাধ্যমে উদ্ধার অভিযান আরও জোরদার করার প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টার পরও কিশোরটির সন্ধান না মেলায় বিশেষ ডুবুরি দল আনার উদ্যোগ নিয়েছে প্রশাসন।
অন্যদিকে পুকুরপাড়ে পড়ে থাকা সাইকেল, জুতা ও গেঞ্জির সূত্র ধরে নিখোঁজ কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার নাম-পরিচয় ও পরিবারের বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কিশোরটির সন্ধান না মেলায় উপজেলা পরিষদ এলাকায় স্বজন ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল।
শীর্ষ সংবাদ: