১৬ ডিসেম্বরই ফিরছেন শেখ হাসিনা : দ্য ওয়াল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০০:১০, ২৮ নভেম্বর ২০২৬

১৬ ডিসেম্বরই ফিরছেন শেখ হাসিনা : দ্য ওয়াল

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমন দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, শেখ হাসিনা দেশে ফেরার জন্য সীমান্তের সম্ভাব্য পথগুলো বিবেচনা করছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা দিল্লি থেকে দেশে ফেরার জন্য তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কাছে সামরিক বিমান চেয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। তবে ঢাকা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ অবস্থায় বিকল্প হিসেবে স্থলসীমান্ত দিয়ে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন বাহাউদ্দিন নাছিম।

আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন এলাকা পরিদর্শন করে সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করেছেন বলেও দাবি করেন তিনি।

দ্য ওয়ালের প্রতিবেদনে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা গোপালগঞ্জের পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ১২ দিন পরও জেলার পরিস্থিতি পুরোপুরি পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণে আসেনি। জেলার বড় একটি অংশ আওয়ামী লীগের ‘মুক্তাঞ্চল’ হয়ে আছে বলে পুলিশ প্রশাসনের ধারণা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এমন পরিস্থিতিতে সরাসরি অভিযান না চালিয়ে ভিন্ন কৌশল নেওয়ার কথাও বলা হয়েছে।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘তারেক রহমানের সরকার বঙ্গবন্ধুকন্যাকে দেশে ফেরাতে সরকারি বিমান না পাঠালে সীমান্তে এমন অসংখ্য “গোপালগঞ্জ” রয়েছে, যার কোনো একটি দিয়ে দলীয় নেত্রী আগামী ১৬ ডিসেম্বর মাথা উঁচু করে দেশে ফিরবেন।’

সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্য কিংবা কর্মকর্তারা শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার সাহস দেখাবেন না বলেও দাবি করেন আওয়ামী লীগের এই নেতা।

২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া বাহাউদ্দিন নাছিম আরও বলেন, ‘দেশের পরিস্থিতি এখন এমন যে জনগণের শক্তির কাছে প্রশাসন মাথানত করবে এবং মানুষকে সম্মান জানিয়ে সরে দাঁড়াবে।’ গোপালগঞ্জে প্রশাসনের আচরণে এমন মনোভাবের প্রতিফলন দেখা গেছে বলেও দাবি করেন তিনি।

গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কর্মসূচিকে কেন্দ্র করে জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্য ওয়ালের প্রতিবেদনে ওই দিন গোপালগঞ্জ সদর উপজেলার কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ার কথাও উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ওই দিন শহরে আওয়ামী লীগের মিছিল ঘিরে পুলিশ ও বিজিবির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের অবস্থান ও ব্যারিকেড সরানোর বিষয়টি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। একই কর্মসূচিতে আওয়ামী লীগ সমর্থকদের জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙার ঘটনাও উল্লেখ করা হয়েছে।

এদিকে শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা অরিনের বরাতে শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার জন্য প্রথমে বাংলাদেশ সরকারের কাছে দিল্লি থেকে বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা চাওয়া হবে। সেটি সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইটে ফেরার চেষ্টা করা হবে। বিকল্প হিসেবে স্থলপথে ফেরার পরিকল্পনার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অরিনের দাবি, প্রয়োজনে হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত শেখ হাসিনা।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ১৫ বছরের শাসনের অবসানের পর ভারতে চলে যান ৭৯ বছর বয়সী শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে বাংলাদেশের সরকার জানিয়েছে।

মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন। সরকার এই রায় কার্যকরের প্রতিশ্রুতিও দিয়েছে। তবে বিচারপ্রক্রিয়ায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন ও বিতর্ক রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাস্তবতা ও আকাঙ্ক্ষা এক বিষয় নয়। শেখ হাসিনা সাধারণ বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। তাঁকে কেবল হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে। তবে তিনি স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চাইলে সেটি ভিন্ন বিষয় বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন