নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:১০, ২৮ নভেম্বর ২০২৬
শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার বয়ড়া ছালাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সদর কোম্পানি, এসআরবি-১৪-এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
এসআরবি সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী একটি প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। প্রশিক্ষণ চলাকালে কৌশলে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন আশরাফুল। এ সময় গোপনে ওই নারীর কিছু আপত্তিকর স্থিরচিত্র ও ভিডিও ধারণ করেন তিনি। পরবর্তী সময়ে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই নারীকে ব্ল্যাকমেইল করতে থাকেন আশরাফুল।
লোকলজ্জার ভয়ে ভুক্তভোগী নারী ধাপে ধাপে তাকে প্রায় ২০ লাখ টাকা দিতে বাধ্য হন। একপর্যায়ে ওই নারী আশরাফুলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। পরে ভুক্তভোগীর আপত্তিকর ছবি ও ভিডিও তার স্বামীর অফিস সহকারীর মোবাইল ফোনে পাঠিয়ে দেন। পাশাপাশি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে ভুক্তভোগীর সন্তানদের স্কুল ও খেলার মাঠ থেকে অপহরণ এবং হত্যার হুমকিও দেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর ছায়া তদন্ত শুরু করে এসআরবি-১৪-এর সদর কোম্পানি। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আশরাফুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আশরাফুল ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
শীর্ষ সংবাদ: