শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, উদ্ধার আহত যুবক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৩, ২৭ নভেম্বর ২০২৬

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, উদ্ধার আহত যুবক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত মোঃ নাজমুল কবির নূরুল (৩২) নামের এক যুবককে রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকা থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় (গ্রীন চিলির পেছনে) অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

এসআরবি-৫ সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি মাঠে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই টমাস নামে এক ব্যক্তি নিহত হন। তার সঙ্গে থাকা বন্ধু নাজমুলের মাথা, হাত ও চোখে ককটেলের বিভিন্ন অংশের আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর নাজমুলের স্ত্রী তাকে উদ্ধার করে রাজশাহীতে নিয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা করান। পরে রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকায় একটি বাসায় তাকে আত্মগোপনে রাখা হয়।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর সদর কোম্পানি ও সিপিএসসির যৌথ অভিযানিক দল ওই বাসায় অভিযান চালিয়ে গুরুতর আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার পার চৌকা এলাকার মোঃ ফাইজুদ্দিনের ছেলে। উদ্ধারের পর পরবর্তী চিকিৎসা ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআরবি-৫ জানায়, নাজমুলের স্ত্রী ও ফুপুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নাজমুল নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত থাকলেও তার কোনো পদ-পদবি নেই। নিহত টমাস তার বন্ধু এবং ককটেল ও বিস্ফোরক তৈরিতে পারদর্শী ছিলেন। ঘটনার দিন দুপুরে টমাস নাজমুলকে ডেকে নিয়ে যান। সেখানে ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটলে টমাস নিহত এবং নাজমুল গুরুতর আহত হন।

গ্রেপ্তারের ভয়ে নাজমুল হাসপাতালে ভর্তি না হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে আত্মগোপনে চলে যান বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তিনি সেখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করছিলেন।

এসআরবি-৫ আরও জানায়, বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত এবং এর পেছনে অন্য কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন