টাঙ্গাইলে এসআরবির অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:০৫, ২৭ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে এসআরবির অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলে ৬২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রিতে ব্যবহৃত দুটি স্মার্টফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে জেলার সদর থানাধীন ঘারিন্দা রেলস্টেশনের অদূরে সোল পার্কের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মোসাঃ রিমা খাতুন (২৭) ও রাজশাহী জেলার মোঃ আবু সাঈদ (৪০)। গ্রেপ্তার আবু সাঈদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

এসআরবি-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।

এসআরবি জানায়, আটক ব্যক্তিদের তল্লাশি করে রিমা খাতুনের হাতে থাকা একটি কালো জিপারযুক্ত পার্সের ভেতর দুটি পলিব্যাগে বিশেষ কৌশলে রাখা ৬২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে মাদক কেনাবেচায় ব্যবহৃত দুটি সিমকার্ডসহ স্মার্টফোন জব্দ করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৬ লাখ ২০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআরবি জানায়, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদক ও জব্দ করা মালামালসহ তাদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন