আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক ফখরুল ইসলাম এমপির

কোম্পানিগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২২:০৪, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৮, ২৪ নভেম্বর ২০২৬

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক ফখরুল ইসলাম এমপির

দেশের বিরুদ্ধে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর দুর্বৃত্তায়ন সম্মিলিতভাবে প্রতিহত ও উপড়ে ফেলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।

তিনি বলেন, রাজনীতি করার অধিকার সবার রয়েছে। তবে সেই রাজনীতি কখনো দেশের বিরুদ্ধে কিংবা জনগণের বিরুদ্ধে হতে পারে না। রাজনীতির নামে যারা সন্ত্রাস, নৈরাজ্য ও জনদুর্ভোগ সৃষ্টি করে, তারা প্রকৃতপক্ষে রাজনীতিবিদ নয়; তারা সন্ত্রাসী ও ফ্যাসিবাদী শক্তি। দেশ ও জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, এত গণহত্যা, গুম, খুন, সন্ত্রাস ও নৈরাজ্য চালানোর পরও যারা অনুতপ্ত নয়, তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী ডিগ্রি কলেজের নবীনবরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট এ.টি.এম. ফিরোজ আলম আজাদের সভাপতিত্বে এবং কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শাহিদা আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব হারুনুর রশিদ আজাদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. হাছান উদ্দীন এবং সাবেক ইউপি চেয়ারম্যান আনছার উল্যাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম বাহার, বিএনপি নেতা কাজী একরামুল হক, আনিসুল হক, মোমিন বাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি রত্নাগর্ভা মা জোৎস্নারা বেগমকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে কৃতী শিক্ষার্থী ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন