প্রথমে পদত্যাগের ঘোষণা পরে সিদ্ধান্ত স্থগিত সুলতান মুহাম্মদ  জাকারিয়া

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৫:৩৮, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪০, ২৪ নভেম্বর ২০২৬

প্রথমে পদত্যাগের ঘোষণা পরে সিদ্ধান্ত স্থগিত সুলতান মুহাম্মদ  জাকারিয়া

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর নিজের সেই সিদ্ধান্ত স্থগিত করেছেন নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনে দলটির মনোনীত জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মুহাম্মদ জাকারিয়া।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি প্রথমে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরে দলের সহকর্মীদের অনুরোধ ও আশ্বাসের পরিপ্রেক্ষিতে পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করার কথা জানান।

এর আগে পদত্যাগের ঘোষণা দিয়ে দেওয়া পোস্টে সুলতান মুহাম্মদ জাকারিয়া দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, সিদ্ধান্ত গ্রহণে নেতাকর্মীদের অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতির অভিযোগ তুলে ধরেন।

তিনি জানান, এনসিপিতে যোগ দেওয়ার পর দলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি নোয়াখালী-২ আসনে দলীয় প্রার্থী হিসেবে কাজ করেছেন। দলের ২৪ দফা রাজনৈতিক ম্যানিফেস্টোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দলিল প্রণয়নেও ভূমিকা রাখার চেষ্টা করেছেন।

তবে দলের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে নেতৃত্বকে পরামর্শ দেওয়ার পরও প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় তিনি হতাশ বলে উল্লেখ করেন।

এ ছাড়া চলতি বছরের জুলাই মাসে নোয়াখালীতে দলের একটি কর্মসূচিতে অপমান ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগও তুলে ধরেন তিনি।

এ ঘটনায় দলের শৃঙ্খলা কমিটিতে অভিযোগ দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করলেও প্রায় পাঁচ মাসেও কার্যকর প্রতিকার পাননি বলে দাবি করেন।

পরে পদত্যাগের সিদ্ধান্ত স্থগিতের বিষয়টি জানিয়ে ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমার দলের সহকর্মীদের অনুরোধ ও আশ্বাসে আমার পদত্যাগের সিদ্ধান্তটি স্থগিত করেছি।

তাঁর এ ঘোষণার মধ্য দিয়ে আপাতত এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এলেন সুলতান মুহাম্মদ জাকারিয়া।

তবে তাঁর উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের কিংবা এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য পাওয়া যায়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন