সাদ্দাম হোসেন, ঢাকা
প্রকাশ: ১০:০০, ২৫ নভেম্বর ২০২৬
ডিএমপির প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজধানীর ১৬টি পয়েন্টে আগে মোট ৩৭টি এআই ক্যামেরা চালু ছিল। পাশাপাশি পর্যায়ক্রমে রাজধানীর ১২০টি পয়েন্টে প্রায় এক হাজার ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছিল সংস্থাটি। পরবর্তী সময়ে নতুন কয়েকটি ইন্টারসেকশন যুক্ত হওয়ায় এ কার্যক্রমের পরিধি বেড়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. আকতার হোসেন অগ্রযাত্রা প্রতিদিনকে জানান, রাজধানীর ১৫টি ইন্টারসেকশনে আগে এআই ক্যামেরা চালু ছিল। নতুন করে আরও চারটি ইন্টারসেকশন যুক্ত হওয়ায় বর্তমানে মোট ১৯টি ইন্টারসেকশনে এআই ক্যামেরার কার্যক্রম চলছে। ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের অংশ হিসেবে পর্যায়ক্রমে নতুন পয়েন্ট যুক্ত করা হচ্ছে।
এআই ক্যামেরার মাধ্যমে যানবাহনের নম্বরপ্লেট শনাক্ত, ট্রাফিক আইন লঙ্ঘনের দৃশ্য ধারণ এবং সংগৃহীত ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিগন্যাল অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে চলাচল, ঝুঁকিপূর্ণ লেন পরিবর্তন ও অবৈধ পার্কিংয়ের মতো অপরাধ শনাক্তে এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ক্যামেরায় ধারণ করা ফুটেজ যাচাই-বাছাইয়ের পর সংশ্লিষ্ট যানবাহনের মালিকের বিরুদ্ধে ডিজিটাল পদ্ধতিতে মামলা ও নোটিশ পাঠানোর ব্যবস্থাও রয়েছে।
গত ১৭ মে পরীক্ষামূলক কার্যক্রম শুরুর প্রথম ১০ দিনে প্রায় এক হাজার ট্রাফিক মামলা এবং পাঁচ হাজার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছিল। পরবর্তী সময়ে ডিএমপি কমিশনার জানিয়েছিলেন, এআই ক্যামেরার মাধ্যমে প্রায় দেড় হাজার মামলা রেকর্ড করা হয়েছে। এসব পরিসংখ্যান রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নজরদারির বিস্তার তুলে ধরছে। তবে এর ফলে সড়কে আইন লঙ্ঘন, যানজট ও দুর্ঘটনা কতটা কমেছে, তা মূল্যায়ন করাও জরুরি।
এ বিষয়ে অগ্রযাত্রা প্রতিদিনকে দেওয়া বক্তব্যে ডিএমপি ট্রাফিক বিভাগের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. নুরুস সামাদ বাপ্পী জানান, সচিবালয়-হাইকোর্ট পয়েন্ট থেকে শুরু করে মৎস্য ভবন, শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি, প্রধানমন্ত্রীর কার্যালয়, মহাখালী ও উত্তরাসহ রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন নিয়ন্ত্রণ ও মামলা কার্যক্রম চলছে। নির্ভুল ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পর্যায়ক্রমে ক্যামেরাগুলোর কার্যক্রম উন্নত করা হচ্ছে।
এদিকে এআই ক্যামেরার কার্যক্রম সম্পর্কে জানতে রাজধানীর কয়েকজন মোটরসাইকেল আরোহীর সঙ্গে কথা বলে অগ্রযাত্রা প্রতিদিন। তাঁরা জানান, সড়কে এআই ক্যামেরার নজরদারি চালু হওয়ায় ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে তাঁদের সচেতনতা বেড়েছে। বিশেষ করে সিগন্যাল ও অন্যান্য ট্রাফিক নিয়ম মানার ক্ষেত্রে আগের তুলনায় বেশি সতর্ক হচ্ছেন তাঁরা। তাঁদের মতে, এ ধরনের প্রযুক্তিনির্ভর নজরদারি সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তবে এআই ক্যামেরার কার্যকারিতা নিয়ে কিছু প্রশ্নও রয়েছে। ক্যামেরায় ধারণ করা ফুটেজের নির্ভুলতা, নম্বরপ্লেট শনাক্তে ভুলের সম্ভাবনা এবং ভুল শনাক্তকরণের কারণে কোনো নিরপরাধ চালক মামলা বা হয়রানির শিকার হলে প্রতিকারের ব্যবস্থা কতটা কার্যকর, তা গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি ক্যামেরার রক্ষণাবেক্ষণ, সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধানের ব্যবস্থা নিশ্চিত করাও প্রয়োজন।
পরিবহন বিশেষজ্ঞদের মতে, শুধু ক্যামেরা স্থাপন করলেই রাজধানীর যানজট ও সড়কের বিশৃঙ্খলা দূর করা সম্ভব নয়। এ জন্য সড়কের অবকাঠামোগত উন্নয়ন, ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার আধুনিকায়ন, গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং চালকদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। প্রযুক্তির মাধ্যমে অপরাধ শনাক্ত করার পাশাপাশি ট্রাফিক আইনের সঠিক, স্বচ্ছ ও ধারাবাহিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় এআই প্রযুক্তির ব্যবহার নিঃসন্দেহে ইতিবাচক উদ্যোগ। তবে এ উদ্যোগের সফলতা শুধু ক্যামেরার সংখ্যা কিংবা মামলার পরিসংখ্যান দিয়ে বিচার করা যাবে না। ক্যামেরা স্থাপনের আগে ও পরের যানজট, দুর্ঘটনা এবং ট্রাফিক আইন লঙ্ঘনের তুলনামূলক চিত্র বিশ্লেষণ করে এর প্রকৃত কার্যকারিতা মূল্যায়ন করা প্রয়োজন। প্রযুক্তির নজরদারিতে মামলা বাড়ার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা কতটা নিশ্চিত হচ্ছে, সেটিই এখন বড় বিবেচ্য বিষয়।
শীর্ষ সংবাদ: