শাহাদত হোসেন, রাজশাহী:
প্রকাশ: ১২:১৬, ২৫ নভেম্বর ২০২৬
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে এই সড়কটি বেহাল দশায় পড়ে ছিল। খানাখন্দ, কাদা আর ভাঙাচোরা রাস্তার কারণে এই এলাকার মানুষ যেন নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার মতোই জীবন কাটাচ্ছিলেন।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে এই সড়ক দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়তো। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, কৃষকের উৎপাদিত ফসল বাজারে নেওয়া — সবকিছুতেই চরম ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে তাহেরপুর, সাধনপুর, নলডাঙ্গাসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন এই দুর্ভোগের শিকার হতেন।
দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের আন্তরিক উদ্যোগ ও প্রচেষ্টায় তাহেরপুর জিসি (স্লুইসগেট)-নলডাঙ্গা জিসি (পুঠিয়া অংশ) সড়কের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের জন্য চুক্তি মূল্য ১৫ কোটি ৮১ লাখ ৯১ হাজার ৪২৮ টাকা বরাদ্দ হয়েছে।
সড়কটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
এই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য-৫৬, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, এমপি।
গত ২৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০টায় এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী বলেন, ২০ বছর পর হলেও আমাদের কষ্টের কথা কেউ শুনলো। এমপি সাহেবকে ধন্যবাদ। এই রাস্তাটা হলে আমাদের ছেলেমেয়েদের স্কুলে যাওয়া, রোগী নিয়ে হাসপাতালে যাওয়া অনেক সহজ হয়ে যাবে।
স্থানীয় জনপ্রতিনিধিরা আশা প্রকাশ করে বলেন, এই সড়কটি সংস্কার হলে শুধু যোগাযোগই নয়, এলাকার কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
শীর্ষ সংবাদ: