ইরানের শীর্ষ নেতাদের হত্যার বিষয়ে ভাবছে ট্রাম্প প্রশাসন: প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:২৯, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩৩, ২৫ নভেম্বর ২০২৬

ইরানের শীর্ষ নেতাদের হত্যার বিষয়ে ভাবছে ট্রাম্প প্রশাসন: প্রতিবেদন

ইরানের শীর্ষ নেতাদের আবারও হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন। তবে এমন হামলায় যুদ্ধ থামবে না, বরং ইরান আরও কঠোর অবস্থান নিতে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসন ও সামরিক বাহিনীর কয়েকজন কর্মকর্তা।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও আলোচনার বিষয়ে অবগত আরেক ব্যক্তির বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের কট্টরপন্থি নেতাদের সরিয়ে যুদ্ধের অবসান ঘটাতে এমন হামলার কথা ভাবছে ওয়াশিংটন।

তবে, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে তারা।

প্রাণ হারান দেশটির আরও কয়েকজন শীর্ষ সামরিক, গোয়েন্দা ও রাজনৈতিক নেতা। পরে, তার ছেলে মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন। তবে, বাবার মৃত্যুর ঘটনায় আহত হওয়ার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি।

এতেও যুদ্ধের অবসান ঘটেনি। বরং নয় মাস ধরে চলা সংঘাত থামাতে এখন আবার ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন।

প্রশাসনের একাংশের ধারণা, এমন অভিযান চালালে তেহরানের ওপর চাপ বাড়বে এবং যুদ্ধ শেষ করার পথ তৈরি হবে।

যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময় ইরানের নেতাদের খুঁজে বের করে হত্যা করতে পারে, এমন বার্তা দেওয়া যাবে বলে যুক্তি দেন তারা।

তবে, প্রশাসন ও সামরিক বাহিনীর ভেতরের বিরোধীরা বলছেন, এ ধরনের হামলায় উল্টো ফল হতে পারে।

এতে ইরানের অবশিষ্ট নেতৃত্ব আরও কঠোর অবস্থান নিতে পারে, ভবিষ্যৎ শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হতে পারে। পাশাপাশি, মার্কিন কর্মকর্তাদের ওপর প্রতিশোধমূলক হামলার ঝুঁকিও বাড়বে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন