রাজনীতিতে আওয়ামীলীগের প্রত্যার্পণ: সন্ত্রাসবাদ

এডভোকেট আব্দুল আলিম 

প্রকাশ: ১০:৫৯, ২৫ নভেম্বর ২০২৬

রাজনীতিতে আওয়ামীলীগের প্রত্যার্পণ: সন্ত্রাসবাদ

ইতিহাসে ক্ষমতাচ্যুত শক্তির একটি চেনা চেহারা আছে। তারা পরাজয়কে জনরায় হিসেবে মানে না, বরং নিজেদের বঞ্চিত ভাবে। তারপর প্রতিশোধ আর পুনরুদ্ধারের তাড়নায় নিজের সমর্থকদেরও ঠেলে দেয় আত্মঘাতী পথে। জুলাই গণঅভ্যুত্থানে পলাতক ক্ষমতাহারা বাংলাদেশের আওয়ামী লীগ এখন সেই পুরনো পথের নতুন যাত্রী।


২০০৬ সালে অভ্যুত্থানে ক্ষমতা হারানো থাকসিন শিনাওয়াত্রা বিদেশে থেকে সমর্থকদের রাজপথে নামিয়েছিলেন। ২০১০ সালে ব্যাংককের সেন্ট্রালওয়ার্ল্ডসহ বহু স্থাপনা পুড়েছে। থাকসিনের ক্ষমতা ফেরেনি। পুড়েছে একটি শহরের সম্পদ আর আন্দোলনের নৈতিক অবস্থান। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ক্ষমতা হারিয়ে দলটি আত্মসমালোচনার পথে যায়নি। প্রায় ১৪০০ লোকের প্রাণহানী, ৩০ হাজার লোকের পঙ্গুত্বের প্রধান হুকুমদাতা শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন তাঁকে ফেরানোর জন্য আওয়ামীলীগ কর্মসূচির নামে যা করছে তা রাজনীতি নয় তা জঙ্গিপনা।


আন্দোলনের নামে দিনে ৭৪টি যানবাহনে আগুন লেগেছে এবং ৭৪টি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে। দুই দিনে ৬৪ জেলার মধ্যে ২৮টিতে ডজনখানেক ককটেল ফেটেছে এবং গাড়ি পুড়েছে। সংঘর্ষে বিএনপির দুই নেতাসহ অন্তত চারজন নিহত হয়েছেন, আর চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ডাকসু নেতা মোসাদ্দেকের বাড়িতে হামলা, ডাকসু ভিপি সাদিক কাইয়ুমের বাড়িতে অগ্নিসংযোগ, জুলাই যোদ্ধাদের মৃত্যুর হুমকি এবং গোপালগঞ্জে বিএনপি সংসদ সদস্যের বাড়িতে হামলা ও আগুন সন্ত্রাস। বাসে আগুন কোনো "প্রতিবাদ" হয় না হয় সন্ত্রাসি। এই যে আগুন সন্ত্রাসের রাজনীতি তার ভুক্তভোগী কারা? বাসের চালক-হেলপার, দিনমজুর যাত্রী, গার্মেন্টকর্মী, পথচারী। যে দল মানুষের স্বাধীনতার কথা বলে, মানুষের মুক্তির কথা বলে ক্ষমতায় গিয়েছিল, তারা এখন মানুষের জীবিকা পুড়িয়ে নিজের ফেরার পথ খুঁজছে। যদিও তাতে জনসমর্থনও জোটেনি।


রাজনৈতিক অধিকারের প্রশ্ন এক জিনিস, আর পেট্রোলবোমা অন্য জিনিস। যে দল সাবেক শাসক হিসেবে নিজের শাসনামলের জবাবদিহি এড়িয়ে আগুনকে হাতিয়ার করে, তার সঙ্গে জনগণের কোনো সমর্থন থাকতে পারে না। 
ক্ষমতা ফিরে পাওয়ার তৃষ্ণা কোনো নৈতিক ছাড়পত্র নয়। যে আন্দোলন নিরীহ মানুষের গাড়ি পোড়ায়, সে নিজেই প্রমাণ করে ক্ষমতা তার কাছে জনসেবার উপায় নয়, ব্যক্তিগত স্বার্থের খেলা।
ঐতিহাসিক সত্য হলো যারা হারানো সিংহাসনের জন্য দেশ পোড়ায়, ইতিহাস তাদের ফেরায় না, কলঙ্কিত করে রাখে। এখন আওয়ামী লীগের সামনে একটিই সম্মানজনক পথ আছে: সহিংসতা নিঃশর্তে ত্যাগ করা, অতীতের অপরাধের জবাবদিহি মেনে নেওয়া এবং ভুল স্বীকার করা।

এডভোকেট আব্দুল আলিম 
সদস্য সচিব, জেডিপি 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন