সিলেটে আটক বদির ছেলে শাওন ও ভাইসহ ৪ জনকে আনা হচ্ছে কক্সবাজারে

কক্সবাজার প্রতিনিধি 

প্রকাশ: ১২:২৩, ২৫ নভেম্বর ২০২৬

সিলেটে আটক বদির ছেলে শাওন ও ভাইসহ ৪ জনকে আনা হচ্ছে কক্সবাজারে

কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান ও ভাই আমিনুর রহমানসহ চারজনকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে সিলেট নগরের জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের কক্সবাজারে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তার অপর দুজন হলেন বদির সহযোগী আবদুস শুক্কুর ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের অপর একটি ইউনিটের দেওয়া তথ্যের ভিত্তিতে জল্লারপাড় এলাকার ওই আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। পরে সেখানে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় শনাক্ত ও যাচাই-বাছাই শেষে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১২টার দিকে সিলেট কোতোয়ালি মডেল থানা-পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল হোটেলটিতে যায়। রাত পৌনে একটার দিকে সেখানে অভিযান শুরু হয়। হোটেলে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে দীর্ঘ সময় ধরে যাচাই-বাছাই করেন পুলিশ সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে বুধবার ভোর ৫টার দিকে শাওন আরমান, আমিনুর রহমান, আবদুস শুক্কুর ও মোহাম্মদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের সিলেট কোতোয়ালি থানায় নেওয়া হয়।

পুলিশের একটি সূত্রের দাবি, সিলেটের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বদির ছেলে ও স্বজনরা সেখানে অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাঁদের সিলেটে যাওয়ার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে তাঁদের কক্সবাজারে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর পরিবর্তে স্ত্রী শাহীন আক্তার দলীয় মনোনয়ন পান এবং সংসদ সদস্য নির্বাচিত হন।

সিলেটে বদির ছেলে ও ভাইসহ চারজনের গ্রেপ্তারের ঘটনায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন