চিংনু মং মারমা, বান্দরবান
প্রকাশ: ১১:৫৬, ৩০ সেপ্টেম্বর ২০২৬
রোববার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। ২৭ সেপ্টেম্বর জারি করা ওই প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী স্বাস্থ্য অধিদফতরের মহাখালী কার্যালয়ে ওএসডি হিসেবে কর্মরত ছিলেন। তাকে বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।
আদেশে তাকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এ দিকে নতুন কর্মস্থলে যোগদানের পর গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সরকারি স্বাস্থ্য কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেছেন ডা. শাহীন হোসাইন।
তিনি বলেন, জেলার সব উপজেলায় সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)সহ সরকারের বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে গুরুত্ব দেয়া হবে।
সংক্রামক রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, হাম, ডেঙ্গুসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিলে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, সরকারি উদ্যোগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। রোগীদের সাথে ভালো আচরণের মাধ্যমে মানসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সাথে দেখা হবে।
হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়া এবং দালালদের দৌরাত্ম্য প্রসঙ্গে নতুন সিভিল সার্জন বলেন, বান্দরবানে বেসরকারি হাসপাতালের সংখ্যা ও দৌরাত্ম্য তুলনামূলকভাবে কম। ফলে রোগী ভাগিয়ে নেয়ার ঘটনাও কম। তবে এ ধরনের কোনো কর্মকাণ্ড নজরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সমন্বয় করে দালালের দৌরাত্ম্য প্রতিরোধে নজরদারি অব্যাহত থাকবে। কোনো রোগী যাতে হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে স্বাস্থ্য বিভাগ সতর্ক থাকবে।