নাজিম উদ্দীন, ফটিকছড়ি (চট্টগ্রাম)
প্রকাশ: ১৭:০৪, ১ অক্টোবর ২০২৬
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রুহুল, ইউসুফ, শাহাবুদ্দিন ও হাশেম। পুলিশ জানায়, তাদের কাছ থেকে চুরি যাওয়া বিভিন্ন পূজার সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে চুরি হওয়া স্বর্ণালংকার এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে ফটিকছড়ির লেলাং ইউনিয়নের শাহনগর বণিকপাড়ায় অবস্থিত শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা মন্দিরের বিভিন্ন সামগ্রীর পাশাপাশি তিনটি ঘট, তিনটি স্বর্ণের চেইন ও তিনটি লকেট নিয়ে যায়।
ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হলে ফটিকছড়ি থানা পুলিশ তদন্তে নামে। পরে তথ্য-প্রযুক্তি ও বিভিন্ন সূত্রের সহায়তায় বিনাজুরি এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, মন্দিরে চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। স্বর্ণালংকার উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় জড়িত অন্য কেউ আছে কি না এবং চুরি যাওয়া স্বর্ণালংকার কোথায় রয়েছে, তা জানতে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত অব্যাহত রয়েছে।