জানুয়ারি-জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: শাহে আলম

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

প্রকাশ: ১৮:৩০, ১ অক্টোবর ২০২৬

জানুয়ারি-জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: শাহে আলম

আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যে আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকার প্রস্তুত রয়েছে এবং এ জন্য বাজেট বরাদ্দও রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও দলনিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য নির্বাচন প্রশাসন ও নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

সেনা মোতায়েনের বিষয়ে মীর শাহে আলম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে সেনাবাহিনী মোতায়েনের ক্ষেত্রেও সরকার সহযোগিতা করবে। জনগণের প্রত্যক্ষ ভোটে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত হওয়ার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের কোনো কলঙ্ক বিএনপির সরকার বা প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আসতে দেয়া হবে না।’

বিগত সরকারের নির্বাচনব্যবস্থার সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘গত ২০ বছরে বিনাভোট, দিনের ভোট রাতে হওয়া এবং ‘‘আমি-ডামি’’ নির্বাচনের মাধ্যমে গাইবান্ধা থেকে আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য ও হুইপ নির্বাচিত হয়েছেন।’ তাদের সময়ে জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

গাইবান্ধার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘জেলাটিতে কর্মসংস্থান সৃষ্টি, কৃষির উন্নয়ন, নদীভাঙন মোকাবিলা এবং চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ রয়েছে।’ একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকের ব্যবহার নিয়েও প্রশ্ন রয়েছে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মাইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন