৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

প্রকাশ: ১৮:৪১, ১ অক্টোবর ২০২৬

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

রাজনৈতিক পরিচয়ের কারণে সরকারি চাকরিতে কারও প্রতি বৈষম্য করা হবে না বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ৪৯তম বিসিএসে (বিশেষ) শিক্ষা ক্যাডারে পিএসসির সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (১ আক্টোবর) সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অ্যাশিউর করছি, নিশ্চয়তা দিচ্ছি, রাজনৈতিক পরিচয় কারও প্রতি কোনো বৈষম্য করা হবে না। নিয়োগপত্র ইস্যুর জন্য প্রজ্ঞাপন জারির নির্ধারিত সময় রয়েছে। বাকি ৪৬ জনের জন্য আগামী সোমবার প্রজ্ঞাপন জারির দিন নির্ধারিত আছে। তার আগে কিছু প্রক্রিয়া আছে। এটা প্রজ্ঞাপনের ফাইল রাষ্ট্রপতি পর্যন্ত নথি হতে হয়। আমি সবাইকে ধৈর্য ধারণ করার, অপেক্ষা করার জন্য অনুরোধ করব।

গত ৩০ সেপ্টেম্বর ৪৯তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়, যেখানে পিএসসির সুপারিশ পাওয়া ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়। চূড়ান্ত তালিকা থেকে মোট ৫৭ জনের নাম বাদ পড়ে।

কর্মকর্তাদের ভাষ্য ছিল ওই ৫৭ জনের মধ্যে ১০ জন স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করেননি এবং ১ জনকে পিএসসি বহিষ্কার করেছিল। বাকি ৪৬ জনকে পুলিশ ভেরিফিকেশন বা অন্যান্য প্রশাসনিক যাচাই-বাছাইয়ের পর গেজেট থেকে বাদ দেওয়া হয়।

বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ‘অস্থিরতা তৈরির চেষ্টা’ না করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা এ সমস্ত তথ্য বা অপতথ্য প্রচার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বা অপচেষ্টা করছে, তাদের এ সমস্ত পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন