মোঃ রিয়াজ উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: ১১:৪০, ৩০ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গত ২৫ সেপ্টেম্বর ১৩ জন জেলে নিয়ে ‘এফভি রিফাত’ টেকনাফ থেকে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। মাছ ধরা শেষে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপকূলে ফেরার পথে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বোটটি সাগরে অনির্দিষ্টভাবে ভাসতে থাকে।
এ অবস্থায় বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে উদ্ধারের জন্য সহায়তা চান। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
পরে উদ্ধারকারী দল সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থানরত ফিশিং বোটটি শনাক্ত করে। সেখান থেকে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। একই সঙ্গে ফিশিং বোটটিও নিরাপদে হেফাজতে নেয়া হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য সহায়তা দেয়া হয়েছে। পরে বোট ও জেলেদের তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, সমুদ্রে যেকোনো ধরনের বিপদে পড়া জেলে ও নৌযানকে দ্রুত সহায়তা দিতে তাদের উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।