চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৃথক সংঘর্ষে ৩ জাহাজ ক্ষতিগ্রস্ত

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

প্রকাশ: ১১:৩৩, ৩০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৃথক সংঘর্ষে ৩ জাহাজ ক্ষতিগ্রস্ত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও কুতুবদিয়া অ্যাঙ্কোরেজে পৃথক দুটি সংঘর্ষে তিনটি জাহাজ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে। তবে দুই ঘটনায় কোনো হতাহত বা সমুদ্র দূষণের খবর পাওয়া যায়নি।

বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিপিং এজেন্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কুতুবদিয়া অ্যাঙ্কোরেজে পানামার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘এপিজে শিরিন’-এর সঙ্গে লাইবেরিয়ার পতাকাবাহী ‘এইচজি সিডনি’-র সংঘর্ষ হয়। এ সময় দুই জাহাজের মাঝখানে থাকা একটি লাইটার জাহাজও ক্ষতিগ্রস্ত হয়।

এপিজে শিরিন’ ইন্দোনেশিয়া থেকে প্রায় ৫৫ হাজার টন কয়লা নিয়ে এক সপ্তাহ আগে কুতুবদিয়ায় আসে। কয়লা খালাসের জন্য এর পাশে একটি লাইটার জাহাজ অবস্থান করছিল। মঙ্গলবার সকালে ব্রাজিল থেকে প্রায় ৫১ হাজার টন সয়াবিন বীজ নিয়ে আসা ‘এইচজি সিডনি’ নোঙর তুলে অবস্থান পরিবর্তনের সময় ‘এপিজে শিরিনে’ ধাক্কা দেয়।

সংঘর্ষে লাইটার জাহাজটির বাম পাশের হাল ক্ষতিগ্রস্ত হয়। তবে ধাক্কার পরপরই সেটি সরে যাওয়ায় দুই বড় জাহাজের মধ্যে আটকা পড়েনি। ‘এইচজি সিডনি’র বাম পাশের হালও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই ঘটনায় বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, বিদেশি দুই জাহাজই বর্তমানে নিরাপদ অবস্থানে রয়েছে। সংঘর্ষে কোনো হতাহত বা দূষণের ঘটনা ঘটেনি।

এদিকে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাঙ্কোরেজে আরেকটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে নোঙর করে থাকা বাংলাদেশের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘এমভি আকিজ ওয়েভ’ তীব্র স্রোতে সরে গিয়ে ‘এমভি সি অ্যালিসন’ নামের অপর একটি বাল্ক ক্যারিয়ারে ধাক্কা দেয়।

এতে ‘আকিজ ওয়েভ’-এর সামনের বাম অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুই জাহাজই নিরাপদ অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘দুটি ঘটনাই সামান্য সংঘর্ষের। সংশ্লিষ্ট সব জাহাজ নিরাপদ অবস্থানে রয়েছে। কোনো হতাহত বা সমুদ্র দূষণের খবর পাওয়া যায়নি।’

চট্টগ্রাম বন্দর সূত্রে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, কুতুবদিয়া অ্যাঙ্কোরেজে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এপিজে শিরিন, এইচজি সিডনি ও লাইটার জাহাজটি নিরাপদ অবস্থানে রয়েছে। আর আলফা অ্যাঙ্কোরেজে সংঘর্ষে জড়িত আকিজ ওয়েভ ও সি অ্যালিসনও নিরাপদে রয়েছে। দুই ঘটনাতেই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন