অক্টোবরে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি আসছে: রোসাটম

রঞ্জিত কুমার শীল, ঈশ্বরদী, পাবনা

প্রকাশ: ১২:০৬, ২৯ সেপ্টেম্বর ২০২৬

অক্টোবরে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি আসছে: রোসাটম

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আগামী অক্টোবর থেকে পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহ শুরু হচ্ছে। ডিসেম্বরের শেষ নাগাদ এ ইউনিটের প্রয়োজনীয় সব জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটম।

বিবৃতিতে রোসাটম জানায়, রূপপুর প্রকল্পের চুক্তি ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী আকাশপথে কয়েকটি চালানে দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পাঠানো হবে। আগামী অক্টোবর থেকে এ সরবরাহ কার্যক্রম শুরু হয়ে ডিসেম্বরের শেষ নাগাদ সম্পন্ন হবে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান বাংলাদেশে পৌঁছায়। ওই সময় আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির গ্র্যাজুয়েশন সনদ হস্তান্তর করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। সব মিলিয়ে কেন্দ্রটি থেকে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।

প্রকল্পটির জেনারেল ডিজাইনার ও প্রধান ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছে রোসাটমের প্রকৌশল শাখা। দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু হলে কেন্দ্রটির কমিশনিং কার্যক্রমের পরবর্তী ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন