আদালত এলাকায় নারীকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলার ভিডিও ভাইরাল

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

প্রকাশ: ১০:৫১, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আদালত এলাকায় নারীকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলার ভিডিও ভাইরাল

চট্টগ্রাম আদালত ভবন এলাকায় এক নারীকে কয়েকজন মিলে টেনে হিঁচড়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে একজন নারীকে তার অনিচ্ছার মধ্যেও এভাবে নিয়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রোববার দুপুরে ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পরে রাতে ওই নারী, তার বাবা ও স্বামী থানায় উপস্থিত হন। পুলিশ তাদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে।

প্রায় এক মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, তিন নারী ও কয়েকজন পুরুষ মিলে এক নারীকে জোর করে একটি মাইক্রোবাসে তোলার চেষ্টা করছেন। এ সময় ওই নারীকে টেনে-হিঁচড়ে গাড়ির দিকে নেওয়া হয়। তিনি বারবার ‘যাব না, যাব না’ বলে চিৎকার করছিলেন। তার এই আকুতি ও অসহায় অবস্থার দৃশ্য পথচারীদেরও দৃষ্টি আকর্ষণ করে।

একপর্যায়ে আদালত ভবনের প্রবেশপথের সড়কে বেশ কয়েকজন মানুষ জড়ো হন। তারা ওই নারীকে এভাবে নিয়ে যাওয়ার চেষ্টায় বাধা দেওয়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করা হয়।

পুলিশ বলছে, বিষয়টি মূলত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ঘটেছে। কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির  বলেন, ওই নারী বিবাহিত। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি আলাদা থাকছেন। তার মা নেই, বাবা জীবিত। স্বামীর বাড়ি থেকে চলে আসার পর তিনি এক চাচার বাসায় থাকছিলেন।

ওসি জানান, মেয়েকে নিজের কাছে রাখার দাবি ছিল বাবার। এ নিয়ে পারিবারিকভাবে বিরোধ তৈরি হয়। বিষয়টি মীমাংসার জন্য রোববার ওই নারী আদালত এলাকায় আসেন। পরে পরিবারের সদস্যরা তাকে নিয়ে যান।

তবে ভিডিওতে ওই নারীকে জোর করে গাড়িতে তোলার দৃশ্য থাকায় ঘটনাটি নিয়ে মানবিক ও আইনগত—দুই দিক থেকেই প্রশ্ন উঠেছে। পারিবারিক বিরোধের মীমাংসার ক্ষেত্রেও একজন প্রাপ্তবয়স্ক নারীর মতামত ও নিরাপত্তার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়েছে কি না, তা নিয়েও আলোচনা চলছে।

পুলিশ জানিয়েছে, ওই নারী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত পরিস্থিতি জানার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন