রাউজানে রাতে পুলিশের অভিযান ঘিরে জনতার বিক্ষোভ, ধাওয়া

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

প্রকাশ: ১০:০৬, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে রাতে পুলিশের অভিযান ঘিরে জনতার বিক্ষোভ, ধাওয়া

চট্টগ্রামের রাউজানে হয়রানির অভিযোগ তুলে পুলিশের গাড়ি ঘেরাও করে ধাওয়া দিয়েছেন স্থানীয় উত্তেজিত জনতা। এ সময় পুলিশের হাতে আটক দুই যুবককে ছেড়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাতে পুলিশের একটি পিকআপ ভ্যানে কয়েকজন পুলিশ সদস্য চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে যান। সেখানে অভিযান চালিয়ে স্থানীয় অটোরিকশাচালক সাঈদ ও নির্মাণশ্রমিক মোহাম্মদ জিসানকে আটক করে গাড়িতে তোলা হয়।

পুলিশের আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তারা পুলিশের গাড়ি ঘেরাও করে আটক দুই যুবককে ছেড়ে দেয়ার দাবি জানান। পুলিশকে হয়রানির অভিযোগ তুলে তারা বিক্ষোভ ও ধাওয়া দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জনরোষের মুখে আটক দুই যুবককে ছেড়ে দিয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে পুলিশের গাড়িটি এলাকা ছেড়ে থানার দিকে চলে যায়।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কিশোর গ্যাং প্রতিরোধ ও দমনে পুলিশের একটি বিশেষ টিম এলাকায় অভিযান চালাতে গিয়েছিল। তবে স্থানীয় বাসিন্দাদের বাধা ও প্রতিরোধের মুখে কোনো পদক্ষেপ না নিয়েই টিমটি থানায় ফিরে আসে।

এদিকে, ঘটনার পর পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে নতুন কোনো মামলা, তদন্ত কমিটি গঠন কিংবা সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার তথ্য এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তবে পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে একই চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সাইদুর রহমান সাদ্দাম নামে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন