এস কে রবিউল ইসলাম, খুলনা
প্রকাশ: ১৫:২৫, ৭ অক্টোবর ২০২৬
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ফেন্সিডিল জাতীয় মাদকসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৬ (এসআরবি-৬), সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা।
সোমবার (০৬ অক্টোবর) রাত ১০:১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন কাশিপুর রেল গেটের মোড় এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে মোট ৩৮ বোতল ফেয়ারডিল এবং ৫০ বোতল উইনকেরেক্স উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— ১. মোঃ শিমুল হোসেন (৩৪), পিতা: মোঃ আতর আলী শেখ, ২. মোঃ রাসেল (২৭), পিতা: ফিরোজ শেখ (উভয়ের গ্রাম: যাদবপুর) এবং ৩. মনোয়ারা খাতুন (৩৭), পিতা: মুনজের আলী (গ্রাম: বলিতাপাড়া)। গ্রেফতারকৃতদের সবাই ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বাসিন্দা।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দকৃত আলামতসহ তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ চাঞ্চল্যকর বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।