এসআরবির অভিযানে কক্সবাজারে পিকআপে লুকানো ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৪, ২৩ অক্টোবর ২০২৬

এসআরবির অভিযানে কক্সবাজারে পিকআপে লুকানো ইয়াবাসহ গ্রেপ্তার ১

কক্সবাজারের ঈদগাঁও বাজারে পিকআপ ভ্যানে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ জামাল উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত পিকআপ ভ্যান, দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ঈদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আলমাছিয়া মাদ্রাসা-সংলগ্ন শাকিল ট্রেডিংয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১৫ ব্যাটালিয়ন সদর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পিকআপ ভ্যানে করে ইয়াবার বড় চালান পাচারের খবর পেয়ে সেখানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপ ভ্যানটিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে পিকআপের চালক জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জামাল উদ্দিন চট্টগ্রামের আনোয়ারা থানার বটতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের জসিম উদ্দিন ও রোজিনা আকতারের ছেলে।

পরে গ্রেফতার ব্যক্তি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন