কক্সবাজারের রিসোর্টে আগুনের সম্ভাব্য কারণ জানা গেল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০:৩৭, ২৩ অক্টোবর ২০২৬

কক্সবাজারের রিসোর্টে আগুনের সম্ভাব্য কারণ জানা গেল

কক্সবাজারের টুপটুপ রিসোর্টের অগ্নিকাণ্ডের সাত দিন পার হলেও এখনো আগুন লাগার আসল কারণ চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ ও তদন্ত কমিটি মনে করছে, ফ্রিজে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

এরপর রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। গুদামে দাহ্য রাসায়নিক পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

গত ১৭ অক্টোবর সকালে উখিয়ার পাটুয়ারটেক সৈকতসংলগ্ন মেরিন ড্রাইভের পাশে তিনতলা রিসোর্টটিতে আগুন লাগে। সেখান থেকে ১০ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

অগ্নিকাণ্ডের পর থেকে রিসোর্টের মালিক ও মামলার প্রধান আসামি মো. তানভীর সুলতান মিয়া পলাতক। রিসোর্টের আরেক মালিক নেওয়াজ মোরশেদসহ অন্যরাও আত্মগোপনে রয়েছেন। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন সহকারী ব্যবস্থাপক জাহিদ হোসেন। তাঁকে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

এখনো রিমান্ড শুনানি হয়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রথমে নিচতলার একটি ফ্রিজে শর্টসার্কিট হয়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ার পর রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে।

ওসির ভাষ্য, রিসোর্টের গুদামে দাহ্য রাসায়নিক পদার্থ ছিল। এর সঙ্গে তীব্র বাতাস ও কাঠের অবকাঠামোর কারণে আগুন দ্রুত ছড়ায়।

তবে কী ধরনের রাসায়নিক পদার্থ ছিল, তার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মামলার তদন্ত কর্মকর্তা উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ বলেন, আগুনের সূত্রপাত নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য আসছে। প্রকৃত কারণ উদ্‌ঘাটনে আরো সময় লাগবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন