কালীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২

মোত্তাসিম সিকদার রাজীব, গাজীপুর

প্রকাশ: ১০:৫৮, ২৩ অক্টোবর ২০২৬

কালীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২

গাজীপুরের কালীগঞ্জে রাতে পুলিশের নিয়মিত টহল চলাকালে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও এক স্থানীয় ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের আরও দুই সদস্য। আহতদের মধ্যে একজন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০) ও তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে রফিক মোল্লা (৪৫)। আহতরা হলেন এসআই জাবেদ ওমর (২৮) ও পুলিশের গাড়িচালক রাব্বি (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত টহল দিচ্ছিল। টহলের একপর্যায়ে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের গাড়ি থামিয়ে সড়কের পাশে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন এসআই মিজানুর রহমান, এসআই জাবেদ ওমর ও গাড়িচালক রাব্বি। এ সময় ঘোড়াশালমুখী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে পুলিশের অন্য সদস্যরা আহত চারজনকে উদ্ধার করে রাত ৩টা ৫০ মিনিটে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও এসআই জাবেদ ওমরকে ঢাকায় পাঠানো হয়।

পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শুক্রবার সকাল ৬টা ৪৭ মিনিটে চিকিৎসকেরা এসআই মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত এসআই জাবেদ ওমর সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, গাড়িচালক রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, রাতে পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তিও মারা গেছেন। আহত এসআই জাবেদ ওমর গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং গাড়িচালক রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন