সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন

মোঃ আবিদ সরকার, জামালপুর

প্রকাশ: ১৫:০১, ২২ অক্টোবর ২০২৬

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন

নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে জামালপুরে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, ফাঁসি নিশ্চিত করা এবং সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা।

বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকেরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে নির্ভয়ে সত্য তুলে ধরেন। অথচ দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের হত্যার শিকার হতে হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয়।

তাঁরা বলেন, সাংবাদিক হত্যার মতো নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে মামলার বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলা চালানোর সাহস না পায়।

মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের দাবিও জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক সমাজে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাংবাদিকেরা যেন কোনো ভয়ভীতি, হুমকি কিংবা হামলার আশঙ্কা ছাড়াই পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধন থেকে সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের দ্রুত বিচার, জড়িতদের সর্বোচ্চ শাস্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করা হয়।

আরও পড়ুন