খোরশেদ আলম, নোয়াখালী
প্রকাশ: ১৩:০৮, ২৪ অক্টোবর ২০২৬
তথ্য বলছে,সড়ক ও জনপদ বিভাগের অর্থায়নে পৌরসভার সোনাইমুড়ী বাজারের মধ্য দিয়ে সাবেক স্প্রিং পোল হতে পার্শ্ববর্তী সেনবাগ উপজেলার রাস্তার মাথা পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার সড়ক নির্মাণের টেন্ডার হয়।ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মিজানুর রহমান কার্যাদেশ পেয়ে গত ২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে সড়কের নির্মাণ কাজ শুরু করে। রাস্তাটির পাশ ধরা হয়েছে ২৮ ফুট।তবে পোস্ট অফিস সংলগ্ন সড়কে রাস্তার পাশ রয়েছে মাত্র ২০ ফুট। স্থানীয় ব্যবসায়ী জনৈক দখলদার এক ব্যক্তি আদালতে মামলা করার কারণে গুরুত্বপূর্ণ এ সড়কের কাজ বন্ধ রয়েছে।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অতি শীঘ্রই উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসক রাস্তায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করার।এভাবে রাস্তার কাজ বন্ধ থাকলে পৌরবাসীসহ জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ভোগান্তি পোহাতে হচ্ছে।
নোয়াখালী সড়ক ও জনপদ বিভাগের উপ- সহকারী প্রকৌশলী ও সড়কের তদারকি কর্মকর্তা শফিকুর রহমান বলেন, সোনাইমুড়ী বাজারের দক্ষিণ পাশে ১৪০ মিটার রাস্তা ছাড়েনি অবৈধ দখলদাররা।দোকানদাররা জেলা পরিষদ থেকে লিজ নিয়েছেন মর্মে দাবি করছেন। স্থানীয় প্রশাসক অবৈধ দখলদারকে উচ্ছেদ করলে রাস্তার কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে।
ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মিজানুর রহমান ম্যানেজার মোরশেদ আলম বলেন, সোনাইমুড়ী বাজারের প্রায় শতাধিক দোকান উচ্ছেদ না করায় রাস্তার কাজ বন্ধ রয়েছে। পৌর প্রশাসক এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ না করলে রাস্তার কাজ বন্ধ থাকবে। রাস্তার কাজ বন্ধ থাকায় প্রতিদিনই রড, সিমেন্ট চুরি হচ্ছে বলে তিনি জানান।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাসরিন আক্তার জানান, সড়কটির নির্মাণকাজ শুরুর পর স্থানীয় এক দোকানদার আদালতে একটি মামলা দায়ের করেছেন তিনি শুনেছেন। তবে রাস্তাটির নির্মাণ কাজ চালিয়ে যেতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
নোয়াখালী সওজ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ফরিদ উদ্দিন বলেন,রাস্তায় অবৈধ দখলদার থাকায় সড়কের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।