নেছারাবাদে বিএনপির ২ নেতার পাল্টাপাল্টি হামলার অভিযোগ, থানায় জিডি

‎​মো. ফরিদ আহমেদ, নেছারাবাদ (পিরোজপুর)

প্রকাশ: ১৯:৪১, ২৫ অক্টোবর ২০২৬

নেছারাবাদে বিএনপির ২ নেতার পাল্টাপাল্টি হামলার অভিযোগ, থানায় জিডি

পিরোজপুরের নেছারাবাদে স্থানীয় বিএনপির দুই নেতার অনুসারী ও স্বজনদের মধ্যে হামলা ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং সংবাদ সম্মেলন করে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেছেন ভুক্তভোগী ও দলীয় নেতারা।  
‎
‎​অভিযোগ সূত্রে জানা যায়, স্বরূপকাঠী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাহেব আলীর ছেলে এবং নেছারাবাদ উপজেলা যুবদল নেতা মো. মারুফ তালুকদারকে (৩২) গত ২৩ অক্টোবর রাতে নিজ বাড়ির সামনে পথরোধ করে হামলা চালানো হয়। মারুফ তালুকদারের অভিযোগ, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দীন তালুকদারের ইন্ধনে তার ভাই ও স্বজনেরা এ হামলা ও মারধর চালিয়েছেন।  
‎পরদিন শনিবার (২৪ অক্টোবর) উপজেলার ৩নং স্বরূপকাঠী ইউনিয়নের রাহুতকাঠী গ্রামে নিজ বাড়ির সামনে সংবাদ সম্মেলন করেন মারুফ তালুকদার ও তাঁর পরিবার। সংবাদ সম্মেলনে মারুফ দাবি করেন, গভীর রাতে নাছির তালুকদারের অনুসারীরা তাঁর পথ আটকে বেদম মারধর করে। চিৎকার শুনে স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে। মারুফের অভিযোগ, টিউবওয়েল বরাদ্দ ও অভ্যন্তরীণ রাজনীতির নানা বিষয় নিয়ে বিরোধের জের ধরে এই হামলা চালানো হয়।  
‎
‎​সংবাদ সম্মেলনে মারুফের আট বছর বয়সী শিশুকন্যা মাইশা মনি বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এবং এ হামলার বিচার দাবি করে। এছাড়াও মারুফের বাবা ওয়ার্ড বিএনপি সভাপতি সাহেব আলী অভিযোগ করেন, পূর্বেও তাদের পরিবারকে নানাভাবে হয়রানি করা হয়েছে।  
‎
‎এ বিষয়ে ​হামলা ও মারধরের সব অভিযোগ অস্বীকার করেছেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দীন তালুকদার। তিনি জানান, মারুফ ও তাঁর পরিবারের সাথে পূর্ব থেকে দ্বন্দ্ব রয়েছে। বাজারে তাঁকে (নাছির) নিয়ে কটু কথা বলাকে কেন্দ্র করে তাঁর ভাই ও আত্মীয়রা মারুফের কাছে জানতে চাইলে মারুফ উত্তেজিত হয়ে পড়েন, যার ফলে সামান্য কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। নাছির তালুকদার আরও দাবি করেন, তারা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করতে চেয়েছেন; তবে দলের ভেতরে থাকা একটি প্রতিপক্ষ রাজনৈতিক ফায়দা লুটতে বিষয়টি উস্কে দিচ্ছে। 
‎
‎এ দিকে গত শনিবার (২৪ অক্টোবর) গভীর রাতে নাসির উদ্দীন তালুকদারের বাসায় মারুফ তালুকদারের নেতৃত্বে হামলা ও ভাংচুর করার দাবি জানিয়ে নিজ বাসায় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তিনি ও তার স্ত্রী। তাঁরা বলেন, মারুফ তালুকদার ও তার ভাইয়েরা স্থানীয় ফ্যাসিস্ট যুবলীগের কর্মীদের সাথে নিয়ে তার বাসায় হামলা করেন। এসময় হামলাকারীরা  একটি মোটরসাইকেলও ভাংচুর করেন। বর্তমানে তাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে তারা উল্লেখ করেন। 
‎
‎​এ ঘটনায় ২৩ অক্টোবর মারুফ তালুকদার এবং ২৪ অক্টোবর নাছির উদ্দীন তালুকদার পাল্টাপাল্টি  নেছারাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। 
‎
‎নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন