কিশোরগঞ্জে যানজটের ভোগান্তি, দখলে ফুটপাত ও সড়ক

আবু রায়হান, কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২:০৬, ২৬ অক্টোবর ২০২৬

কিশোরগঞ্জে যানজটের ভোগান্তি, দখলে ফুটপাত ও সড়ক

কিশোরগঞ্জ জেলা শহরের তীব্র  যানজটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শহরের প্রধান প্রধান মোড় ও সড়কগুলোতে ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল থমকে থাকছে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল কলেজের শিক্ষার্থী অফিসগামী সাধারণ মানুষ এবং জরুরি সেবার রোগী বহনকারী যানবাহন।

সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজটের তীব্রতা এখন চরমে পৌঁছেছে।

এর মধ্যে আখড়া বাজার মোড়, কালিবাড়ি মোড়, গৌরাঙ্গ বাজার মোড়, তেরপট্টি মোড় ,কাচারি মোড়, একরামপুর মোড় এবং রথখলা এলাকায় যানজট সবচেয়ে বেশি রূপ নিয়েছে। এসব মোড়ে এসে যানবাহনগুলো দীর্ঘ সময় আটকে থাকছে যার প্রভাব পড়ছে পুরো শহরের যোগাযোগ ব্যবস্থায়।

শহরের সাধারণ জনগণ ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, এই তীব্র যানজটের প্রধান দুটি কারণ হলো অতিরিক্ত ব্যাটারি চালিত অটো রিক্সার দাপট এবং রাস্তা ও ফুটপাত দখল। ক্ষোভ প্রকাশ করে শহরের কয়েকজন বাসিন্দা বলেন,

বর্তমানে কিশোরগঞ্জ শহরে মানুষের চেয়ে মনে হয় ব্যাটারি চালিত অটো রিক্সা সংখ্যা বেশি। ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি অবৈধ অটোরিকশা শহরের প্রধান সড়কে প্রবেশ করায় এই জটলা তৈরি হচ্ছে।

এর ওপর মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে রাস্তার দুই পাশ দখল করে গড়ে ওঠা অবৈধ ফুটপাত ব্যবসা। মূল সড়কের দুপাশ হকার ও অস্থায়ী দোকানদারদের দখলে থাকায় রাস্তাগুলো সংকুচিত হয়ে পড়েছে। পথচারীদের হাঁটার জন্য তৈরি ফুটপাত দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে বাধ্য হয়ে মূল রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে, যা যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে।

সচেতন নাগরিক সমাজের মতে, শহরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন যত্রতত্র অটোরিকশার স্ট্যান্ড উচ্ছেদ এবং দ্রুত ফুটপাত দখলমুক্ত করা না গেলে কিশোরগঞ্জ শহরের এই যানজট পরিস্থিতি অচিরেই আরও নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে। এই অসহনীয় দুর্ভোগ থেকে মুক্তি পেতে পৌর কর্তৃপক্ষ এবং জেলা পুলিশ প্রশাসনের কঠোর ও কার্যকরী হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পৌরবাসী।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন