ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার সাদ্দাম

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশ: ২৩:৫৭, ২৭ অক্টোবর ২০২৬

ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার সাদ্দাম

ময়মনসিংহের ভালুকায় রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকায় নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট ও নোমান টেক্সটাইলের সামনের এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

নিহত রবীন্দ্র ঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি জামিরদিয়ার তরিফ মুন্সি মোড় এলাকায় ভাড়া থেকে সেলুনের ব্যবসা পরিচালনা করতেন। অভিযুক্ত সাদ্দাম একই এলাকার বাবুল মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী সুচিত্রার অভিযোগ, নেশার জন্য সাদ্দাম প্রায়ই তাঁর স্বামীর কাছ থেকে টাকা নিতেন এবং সেলুনে চুল কাটিয়ে টাকা দিতেন না। বকেয়া টাকা চাওয়া ও বিনা মূল্যে চুল কাটতে না দেওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর আগেও সাদ্দাম তাঁর স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে দাবি করেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সেলুনে ঢুকে রবীন্দ্রকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। প্রাণ বাঁচাতে রবীন্দ্র সেখান থেকে দৌড়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন। সেখানেও তাঁকে ছুরিকাঘাত করা হয়। পরে পাশের একটি বাড়ির উঠানে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানেও তাঁকে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গফরগাঁও সার্কেল মনোতোষ সাহা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিন ঘণ্টার মধ্যে ঘাতক সাদ্দামকে আটক করা হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন