শাহ আমানতে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

প্রকাশ: ১০:১১, ২৬ অক্টোবর ২০২৬

শাহ আমানতে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা এক যাত্রীর হ্যান্ডব্যাগ ও পরিহিত পোশাক থেকে ১ কেজি ৪৮২ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. শরীফ নামে ওই যাত্রীকে আটক করেছে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা স্বর্ণালঙ্কারের আনুমানিক মূল্য ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দরের অ্যারাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় এক যাত্রীর সন্দেহজনক গতিবিধি নজরে এলে তাঁকে তল্লাশি করা হয়। এ সময় তাঁর হ্যান্ডব্যাগ ও পরিহিত পোশাক থেকে স্বর্ণের চুড়ি ও অলংকার উদ্ধার করা হয়।

আটক মো. শরীফের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলা’র সদস্য বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে তাঁকে ওই হজ কাফেলার মুয়াল্লিম হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, উদ্ধার করা স্বর্ণালঙ্কারগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলার কার্যক্রম চলমান রয়েছে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কী উদ্দেশ্যে এবং কার কাছ থেকে স্বর্ণালঙ্কারগুলো সংগ্রহ করে তিনি দেশে এনেছেন, স্বর্ণ পরিবহনের বিনিময়ে কোনো অর্থ পাওয়ার কথা স্বীকার করেছেন কি না এবং সৌদি আরবে তাঁর পেশা কী—এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

স্বর্ণ চোরাচালান ও বৈদেশিক মুদ্রা পাচার প্রতিরোধে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা, কাস্টমস ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন