মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৯:৪৮, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৫৫, ২৮ অক্টোবর ২০২৬
মাগুরায় বাড়ির সামনে রাস্তা আটকে মোটরসাইকেল রাখার প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত সচিব ও কুষ্টিয়ার সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. আবুল খায়েরের (৭৭) ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে তাঁর গাড়িচালক কামাল হোসেন (৪২) আহত হয়েছেন। এ ঘটনায় উন্মেষ (৪০) নামে এক ব্যক্তিকে প্রধান আসামি করে মাগুরা সদর থানায় মামলা করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে মাগুরা শহরের কলেজপাড়া এলাকায় সোনালী ব্যাংকের বিপরীতে তিন নম্বর প্রাথমিক বিদ্যালয়ের গলিতে অবসরপ্রাপ্ত ওই সচিবের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ঢাকা থেকে মাগুরার নিজ বাড়িতে আসেন আবুল খায়ের। পরে বেলা সাড়ে ১১টার দিকে দাপ্তরিক কাজে সমাজসেবা কার্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন। এ সময় বাড়ির সামনের সরু রাস্তা আটকে একটি মোটরসাইকেল রাখা দেখতে পান তিনি। মোটরসাইকেলটি সরাতে বললে উন্মেষ নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।
পরে দুপুর ১টার দিকে কাজ শেষে বাড়িতে ফেরার সময় আবারও একই স্থানে মোটরসাইকেল রেখে রাস্তা আটকে রাখতে দেখেন তিনি। এ সময় মোটরসাইকেলটি সরানোর অনুরোধ করলে অভিযুক্ত উন্মেষ তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ করেন আবুল খায়ের।
অভিযোগে আরও বলা হয়, গাড়িটি বাড়ির প্রধান ফটকের সামনে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি আবুল খায়েরকে গাড়ির জানালার গ্লাস নামাতে বলেন। কথা বলার উদ্দেশ্যে গ্লাস নামানোর সঙ্গে সঙ্গেই তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করেন। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তাঁর ডান চোখের ওপরের অংশ কেটে গিয়ে রক্তক্ষরণ হয়।
এ সময় আবুল খায়েরকে রক্ষা করতে তাঁর গাড়িচালক কামাল হোসেন, বাড়ির কেয়ারটেকার আলীউল ইসলাম (৩৫) এবং গাড়িতে থাকা অন্যরা এগিয়ে এলে তাঁদের লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে গাড়িচালক কামাল হোসেন আহত হন।
পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহত আবুল খায়ের ও তাঁর গাড়িচালককে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় অবসরপ্রাপ্ত সচিবের ওপর হামলার অভিযোগে মাগুরা সদর থানায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, অবসরপ্রাপ্ত সচিবের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।