এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২০:০৩, ২৮ অক্টোবর ২০২৬
ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যতলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬:৩০ টার দিকে এই ভয়াবহ নদী ভাঙ্গন দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়াপদা রাস্তার বাইরে প্রায় ১০০ ফিট চরছিল। ঝড়ের পরপরই ৩০০ ফিট দৈর্ঘ্য নিয়ে ভাঙ্গন শুরু হয়, ১০০ ফিট চর ভেঙ্গে মূল ওয়াপদা রাস্তার ৩০ ফিট স্লোপও নদীতে ভেঙ্গে চলে গেছে। এখন রাস্তার মাথা ভেঙে চলেছে।
ভাঙ্গন পয়েন্টটি পদ্মপুকুর ইউনিয়ন অপেক্ষা প্রতাপনগর ইউনিয়নের কাছাকাছি হওয়ায় প্রতাপনগরের বিভিন্ন মসজিদের মাইকে স্বেচ্ছা শ্রম দেওয়ার জন্য স্থানীয়দেরকে আহ্বান করা হয়। সাথে সাথে পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আমজাদুল ইসলাম এবং আশাশুনি উপজেলা জামাতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওঃ রিয়াছাদ আলি সহ আশপাশের প্রায় পাঁচ শতাধিক মানুষ উপস্থিত হয়। বর্তমানে ভাঙ্গন পয়েন্টের পাশে অন্য কাজের জন্য প্রস্তুতকৃত জিও ব্যাগ, কিছু স্বেচ্ছাশ্রমে এবং কিছু অর্থের বিনিময়ে ডাম্পিংয়ের কাজ চলছে।
স্থানীয় এনজিও কর্মী মাওঃ জাহিদুল ইসলাম বলেন, ভেতর পাশে থাকা লেক এই ভাঙ্গনের অন্যতম কারণ। এই ভাঙ্গনের ফলে পানি প্রবেশ করলে, তালতলা বাজার, কুড়িকাহুনিয়া, প্রতাপনগর ফাজিল মাদ্রাস, আলামিন মহিলা মাদ্রাসা, বন্যাতলা, বন্যাতলা স্কুল, দরগাতলার আইটসহ গোটা প্রতাপনগর গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাদ আলি বলেন, সম্প্রতি কুড়িকাহুনিয়ার ভাঙ্গন অপেক্ষা বন্যাতলার এই ভাঙ্গনের পরিধি প্রায় ৫ গুণ বেশি। এছাড়া এ ভাঙ্গনের গতিও কুড়িকাহুনিয়ার ভাঙ্গন অপেক্ষা অনেক অনেক বেশি। কিন্তু এখানে বাড়তি সুবিধাও আছে যে, এ ভাঙ্গন স্পটের ৪০০ ফিটের মধ্যে কয়েক হাজার জিও ব্যাগ প্রস্তুত রয়েছে। তবে কুড়িকাহুনিয়ার ভাঙ্গনের সাথে মিল হচ্ছে, এখানেও ওয়াপদা রাস্তার ভেতর দিয়ে সমান্তরালভাবে গভীর লেক রয়েছে।
চেয়ারম্যান জনাব আমজাদুল ইসলাম বলেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ২ এর অধীন ৭/২ নং ফোল্ডারে আকর্ষিক ভাঙ্গনের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি।
এদিকে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষ জানিয়েছেন, আমরা নদী ভাঙ্গনের খবর পেয়েছি ঘটনাস্থলে লোকজন পৌঁছেছে দ্রুত ভাঙ্গনকৃত বাঁধ নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।