বকশীগঞ্জে রাত ২টায় ইউএনওর অভিযান, ধ্বংস বালু তোলার মেশিন-পাইপ

মোঃ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ (জামালপুর)

প্রকাশ: ২০:০৯, ৩০ অক্টোবর ২০২৬

বকশীগঞ্জে রাত ২টায় ইউএনওর অভিযান, ধ্বংস বালু তোলার মেশিন-পাইপ

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের খেওয়ারচর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। রাতের আঁধারে নদী থেকে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয়রা।

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীর, ফসলি জমি ও আশপাশের বসতবাড়ি ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তাঁদের দাবি, শুধু অভিযান পরিচালনা নয়, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে আমরা গভীর রাতে অভিযান পরিচালনা করেছি। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। নদী, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের নিয়মিত নজরদারি অব্যাহত থাকলে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা সম্ভব হবে। একই সঙ্গে নদী ও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন